ট্রেন চালকের তৎপরতায় অল্পের জন্য বাঁচলেন মহিলা, দেখুন ভাইরাল ভিডিও
ট্রেন চালকের তৎপরতায় অল্পের জন্য বাঁচলেন মহিলা, দেখুন ভাইরাল ভিডিও
এক মিনিটের এই ভিডিও আপনার শিরদাঁড়াতেও বইয়ে দেবে হিমেল স্রোত
চালকের তৎপরতায় ট্রেনের তলায় যাওয়া থেকে বাঁচলেন এক ভবঘুরে মহিলা। মুম্বইয়ের চারনি রোড স্টেশনে তোলা এই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যে ভিডিও দেখলে ইষ্টনাম জপতে শুরু করে দেবেন আপনিও। উলটো দিকের প্ল্যাটফর্মে থাকা কোনও ব্যক্তির তোলা এই ভিডিও যে কারও শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
এক মিনিটের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে চারনি রোড স্টেশনে রেল লাইন ধরে হাঁটছেন এক মহিলা। রাতের অন্ধকারে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে যে টুকু আলো পড়েছে তাতে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু দূর থেকে দ্রুতগামী ট্রেনের চালকের তাঁকে ওই আলোয় দেখা সম্ভব বলে মনে হয় না। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলাকে রেল লাইন থেকে সরে যাওয়ার জন্য চিৎকার করছেন উলটো দিকে প্ল্যাটফর্মের যাত্রীরা। কিন্তু একদিকে প্ল্যাটফর্ম ও লাইনের অন্যদিকে লোহার বেড়া থাকায় মহিলা লাইন ধরে হাঁটতে থাকেন। লাইনের পাশের প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না কোনও যাত্রীকে।
কিছুক্ষণ পর দেখা যায় মহিলা প্ল্যাটফর্মে ওঠার প্রাণপণ চেষ্টা করছেন। আর তিনি যে দিকে হাঁটছিলেন সেদিক থেকে আসছে একটি ট্রেন। মহিলা শেষ পর্যন্ত প্ল্যাটফর্মে উঠতে পারেননি। কিন্তু চালকের সতর্কতায় মহিলার থেকে কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। তার পর সেই প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা ছুটে এসে টেনে তোলেন মহিলাকে।


