English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ১৯:৪৪

বড়দিনের বোনাস আট কোটি টাকা ও অডি গাড়ি!

অনলাইন ডেস্ক
বড়দিনের বোনাস আট কোটি টাকা ও অডি গাড়ি!

চলতি মৌসুমের শুরুটা একদমই ভাল করেনি রিয়াল মাদ্রিদ। একটা সময়ে লা লিগায় অনেকটাই পিছিয়ে পড়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবটি। কিন্তু জিনেদিন জিদানের ছোঁয়ায় বদলে যায় গোটা টিম। 

রিয়াল মাদ্রিদ বছর শেষ করছে চওড়া হাসি নিয়ে। ২০১৬ বছরটা অসাধারণ কেটেছে রিয়ালের। একটা সময়ে লা লিগায় ১২ পয়েন্টে পিছিয়ে পড়েছিল রিয়াল। সেখান থেকে দৌড় শুরু করে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় হয়ে শেষে করেছে বছর।

এই বছর জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। এই নিয়ে ১১ বার চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন হল তারা। রিয়াল মাদ্রিদ নিজেদের নামের প্রতি সুবিচারই করেছে। উয়েফা সুপার কাপ জিতে বছর শুরু হয়েছিল। বছরের শেষে এল ক্লাব বিশ্বকাপ। 

২০১৬-য় রিয়াল হেরেছে মাত্র দুটি ম্যাচে। খেতাব জিতেছে তিনটি! এককথায় দুরন্ত পারফরম্যান্স। এরকম একটা দলকে সবাই খুশি করতেই চাইবে। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও ভুল করেননি। রোনাল্ডোদের পুরস্কৃত করাই কর্তব্য বলে ভেবেছেন। 

তিনটি খেতাব জয়ের আনন্দে রিয়ালের প্রতিটি ফুটবলারকে দেওয়া হয়েছে ১১ লাখ ১০ হাজার ইউরো বোনাস। এর মধ্যে ৭ লাখ ইউরো চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য। সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতার জন্য ২ লাখ ৬০ হাজার ইউরো। বাকি দেড় লাখ ইউরো দেওয়া হয়েছে কোপা দেল রে খেলতে না পারার দুঃখ ভুলে যাওয়ার জন্য। 

ক্লাবের ভুলেই কোপা দেল রে-র পরবর্তী রাউন্ড খেলা হয়নি। তাই ক্লাবের তরফে ফুটবলারদের দেওয়া হয়েছে এই পরিমাণ অর্থ। ভারতীয় মুদ্রায় এই বোনাস প্রায় আট কোটি টাকার সমান। এখানেই শেষ নয়। প্রতিটি ফুটবলার পেয়েছেন একটি করে অডি গাড়ি। জিদান নিয়েছেন আরএস সিক্স সিরিজের দারুণ একটি গাড়ি!