English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৬

বাবার মৃতদেহ কাঁধে করে গ্রামে ফিরল ছেলে

অনলাইন ডেস্ক
বাবার মৃতদেহ কাঁধে করে গ্রামে ফিরল ছেলে

বেশি পুরনো নয়৷ চলতি বছরেরই ঘটনা৷ স্ত্রীর দেহ গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে লাশবহনকারী গাড়ি জোগাড় করতে পারেননি ভারতের ওড়িশার দানা মাঝি৷ আর তাই স্ত্রীর মৃতদেহ নিজের কাঁধে বহন করে হেঁটে গিয়েছিলেন ১২ কিলোমিটার পথ৷ 

এই ঘটনা এখনও মানুষের মন থেকে আবছা হয়ে যাওয়ার আগেই আবারও প্রায় একই ঘটনার সাক্ষী রইল ওড়িশার মানুষ৷ বাবার মৃতদেহ কাঁধে করে বহন করলেন যুবক৷ হাসপাতাল কর্তৃপক্ষ লাশবাহী গাড়ি জোগাড় করে না দিতে পারায় দু’যুবককে বাবার মৃতদেহ কাঁধে করে বয়ে নিয়ে ফিরতে হল গ্রামে৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে আবারও ওড়িশার চিকিৎসা পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন৷

জানা গিয়েছে, গত মঙ্গলবার ওড়িশার কোঠাসহি গ্রামের বাসিন্দা শরৎ বারিক তাঁর জন্ডিসে আক্রান্ত বাবাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন৷ চিকিৎসা চলাকালীনই তাঁর বাবা রবি নারায়ণ বারিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ কিন্তু মৃত্যুর পর স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে জানানো হয়, মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে লাশবাহী গাড়ির ব্যবস্থা করা যাবে না৷ আর তাই পরিষেবার অভাবে বাবার মৃতদেহ কাঁধে করে বাড়ি নিয়ে যান শরৎ৷

পথে এক মোটরবাইক আরোহী তাঁকে মৃতদেহ বয়ে নিয়ে যেতে সাহায্য করেন৷ আর এতেই খানিক কষ্ট লাঘব হয় শরতের৷ গোটা বিষয়টি সম্পর্কে স্বাস্থ্য আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, “স্বাস্থ্যকেন্দ্রে লাশবাহী গাড়ির ব্যবস্থা নেই৷”