সিলেটে পাওয়া গেল সোনার কৈ!
সিলেটের বিশ্বনাথে একটি পুকুরে সোনালী রঙের কৈ মাছ ধরা পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাছটিকে গায়েবি কৈ বলে জানালে পুরো এলাকায় জনতার ঢল নামে।
শুক্রবার দুপুরে উপজেলার রামপাশা রোডের ‘রুস্তুম আলী ভিলাতে’ পুকুরে গোসল করার সময় জনৈক মাজেদার পুত্র সুমন আহমদ (১২)’র কাছে ধরা পরে সোনালী রঙের কৈ মাছটি।
তারা বলেন, প্রায় ১০ বছর ধরে বিশ্বনাথে বসবাসরত নেত্রকোনার বারহাট্টা থানার আমগুয়াইন গ্রামের এখলাছ মিয়া স্বপরিবারে ‘রুস্তুম আলী ভিলাতে’ বসবাস করে আসছেন। এখলাছ মিয়ার স্ত্রী মাজেদা বেগম সম্প্রতি এক রাতে স্বপ্নে দেখেছেন তাদের কলোনীর পুকুরে সোনার কৈ-মাগুর আছে। তিনি স্বপ্নে দেখার বিষয়টি কলোনীর সত্ত্বাধিকারী ছুরাব আলীকেও জানিয়ে ছিলেন তবে মাজেদা স্বপ্নে দেখার বিষয়টি এড়িয়ে যান।
এদিকে কলোনীর বাসিন্দারা জানান, পুকুরে সোনালী একটি মাগুড় মাছও আছে। যা কলোনীর বাসিন্দাদের অনেকেই দেখেছেন বলেও জানান। ছুরাব আলী জানান, পুকুরে পাওয়া মাছটি হযরত শাহজালাল (রহ.) এর মাজারে প্রেরণ করা হবে।
অপরদিকে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক বলেন, একটি স্থানে দীর্ঘদিন ধরে বসবাসকারী কিংবা আলো কম পাওয়ার কারণে মাছের রঙ পরিবর্তন হতে পারে। এ ব্যাপারে বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ বলেন, সোনালী রংয়ের কৈ মাছ অনেক জায়গায় দেখা যায়। সোনালী রংয়ের কৈ মাছ হতেই পারে।


