স্কাইপিতে কথা কাটাকাটি পরেই আত্মহত্যা নিরোশা
স্কাইপি ভিডিওতে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতেই গত বুধবার আত্মঘাতী হলেন একটি তেলুগু টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর নিরোশা। সেকেন্দরাবাদ শহরে রেল স্টেশনের কাছেই সিন্ধি কলোনির একটি পেয়িং গেস্ট হোস্টেলে ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে তাঁকে ঝুলতে দেখা যায়।
পুলিশ জানাচ্ছে, বুধবার কানাডায় তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে স্কাইপি ভিডিওতে কথা বলছিলেন নিরোশা। তার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পেরেছে, কথা বলতে বলতেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি। ওই সময়েই নিরোশা আত্মহত্যা করবেন বলে হুমকি দেন তাঁর বয়ফ্রেন্ডকে। আর ওই হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গেই স্কাইপ যোগাযোগ কেটে দেন নিরোশা। তাতেই সন্দেহ হয় কানাডায় থাকা নিরোশার বয়ফ্রেন্ডের।
তিনি সঙ্গে সঙ্গে নিরোশার হোস্টেলের কাছাকাছি থাকা তাঁর এক বন্ধুকে ফোন করে বলেন, দেরি না করে নিরোশার খোঁজখবর নিতে। যাতে সে কিছু না করে বসে। কিন্তু নিরোশার বয়ফ্রেন্ড যাঁকে ফোন করেছিলেন, তিনি নিরোশার কাছে পৌঁছতে একটু দেরি করে ফেলেন। হোস্টেলে পৌঁছে নিরোশার রুমে গিয়ে তিনি দেখেন, ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন নিরোশা। ২৩ বছর বয়সের ওই মিউজিক টেলিভিশন অ্যাঙ্কর বহু নিউজ চ্যানেলেও অ্যাঙ্কারিং করেছেন।
রামগোপালপেট থানার পুলিশ জানাচ্ছে, ঠিক কী কারণে নিরোশা আত্মঘাতী হয়েছেন, তা বোঝা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ।
খবর- আনন্দবাজার


