English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ২০:০০

‘৩০ দিনের আগে সিটিসেল বন্ধ নয়’

অনলাইন ডেস্ক
‘৩০ দিনের আগে সিটিসেল বন্ধ নয়’

সিটিসেলকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশে উল্লেখিত ৩০ দিন অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ আগস্ট) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সিটিসেলের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান জানান, সিটিসেলের কাছে পাওনা ৩৬ মিলিয়ন ডলার আদায়ে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক আদালতে যে মামলা করেছিল সোমবার তার শুনানি ছিল।

তিনি জানান, শুনানির চলাকালে সিটিসেলকে দেওয়া বিটিআরসির কারণ দর্শানোর নোটিশের বিষয়টি আদালতের নজরে আনা হলে আদালত এই নির্দেশ দেন। এছাড়া চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের করা মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ সেপ্টেম্বর আদালত দিন ধার্য করেছেন বলেও জানান ব্যারিস্টার মোস্তাফিজুর। সিটিসেলের কার্যক্রম কেন বন্ধ করা হবে না এক মাসের মধ্যে তা জানাতে গত ১৭ আগস্ট মোবাইল অপারেটরটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিটিআরসি। সে অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে সিটিসেলকে নোটিশের জবাব দিতে হবে। এর আগে বিটিআরসি ২৩ আগস্ট পর্যন্ত সিটিসেল গ্রাহকদের বিকল্প সেবা গ্রহণের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়। ২৩ আগস্ট রাত ১২টা ১ মিনিটে সিটিসেল বন্ধ হয়ে যাবে বলেও বিটিআরসির ঘোষণায় বলা হয়।