English Version
আপডেট : ২০ জুলাই, ২০১৬ ১৯:১০

‘উন্নয়নে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই’

এমএজামান
‘উন্নয়নে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই’
‘উন্নয়নই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আমরা যখন লক্ষ্য নির্ধারণ করি, তখনই বুঝতে পারি যে নতুন প্রযুক্তি যদি এখনই গ্রহণ না করি তবে উন্নয়নের সুযোগ কমবে।’
 
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এক অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত এসব কথা বলেন্ । 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই অনুষ্ঠানে বেসিসের বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
 
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে উন্নয়নে সবচেয়ে বেশি অবদান তথ্যপ্রযুক্তি। এর কোনো বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশের সফটওয়্যার খাতে উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যহত রাখবে সরকার বলে জানান তিনি।
 
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশের তথ্যপ্রযুক্তি খাত ব্যাপক সফলতা অর্জন করেছে। বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন এখন বিশ্বের কাছে দৃষ্টান্ত।
 
বেসিসের নবনির্বাচিত সভাপতি মোস্তাফা জব্বার বলেন, দেশের সফটওয়্যার উন্নয়নে কাজ করবে বেসিস। নিজের দেশের সফটওয়্যারের জন্য দেশের বাজার তৈরি করতে হবে। বিদেশি সফটওয়্যার দিয়ে দেশের সফটওয়্যারের বাজার দখল করে রাখার কোনো যুক্তি ও বাস্তবতা নেই। দেশেই এখন আন্তর্জাতিক মানসম্মত সফটওয়্যার তৈরি হচ্ছে। তাই অগ্রাধিকার দিতে হবে দেশীয় সফটওয়্যার শিল্পকে।
 
এসময়ে বিদায়ী সভাপতি শামীম আহসান নবনির্বাচিত সভাপতি মোস্তাফা জব্বারের হাতে বেসিসের পতাকা ও কার্যক্রমের প্রতিবেদন তুলে দেন। এ সময় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর বেসিসের গত কয়েক বছরের কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামীম আহসান।
 
বিদায়ী কার্যনির্বাহী পরিষদ, বেসিস নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডকে তাদের অবদানের জন্য শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথ পাঠ করান বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন বেসিসের বিদায়ী ও নবনির্বাচিত সহ-সভাপতি এম রাশিদুল হাসান, বিদায়ী মহাসচিব ও নবনির্বাচিত পরিচালক উত্তম কুমার পাল, বিদায়ী যুগ্ম মহাসচিব ও নবনির্বাচিত পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, বিদায়ী কোষাধ্যক্ষ শাহ ইমরাউশ কায়ীশ, বিদায়ী পরিচালক সানি মো. আশরাফ খান, সামিরা জুবেরী হিমিকা, নবনির্বাচিত সহ-সভাপতি ফারহানা এ রহমান, নবনির্বাচিত পরিচালক সৈয়দ আলমাস কবিরসহ বেসিসের সাবেক কার্যনির্বাহী পরিষদ, বেসিস সদস্য কোম্পানি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।