চাপা শব্দে স্মার্টফোন হ্যাক
প্রযুক্তির যুগে অনেকেই ইউটিউবে ভিডিও দেখে। কেউ কেউ স্মার্টফোনে দেখে ভিডিও। এ ভিডিও দেখার কারণে অনেকেরই স্মার্টফোন হ্যাক হওয়ার আশংকা রয়েছে। এমনটিই ধারণা গবেষকদের।
এক গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনে ইউটিউব ভিডিও দেখার সময় ভিডিও থেকে এক ধরণের চাপা শব্দ এসে যে কারো স্মার্টফোন হ্যাক করতে পারে।
স্মার্টফোনে গুগল নিউ, অ্যাপলের সিরি’র মতো ভয়েস রিকগনিশন চালু করায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইকাহ শেরে বলেন, এই প্রযুক্তি ভয়েস সফটওয়্যার ফোন হ্যাক করাকে সহজ করে দিচ্ছে।
স্মার্টফোন হ্যাকের বিষয়ে মাইকাহ শেরে পিসিওয়ার্ল্ড ডটকমে লিখেছেন, এই প্রযুক্তি সবসময় কাজ না করলেও এটি একটি খেলার মতো। ১০ লাখ মানুষ যদি গোপন মেসেজ এমবেডেড কিটেন ভিডিও দেখে তার মধ্যে অন্তত ১০ হাজার মানুষের ফোন ভিডিও দেখার আশেপাশে থাকবে। এর মধ্যে পাঁচ হাজার ফোন যদি ভয়েস অনুযায়ী ম্যালওয়্যারযুক্ত ইউআরএল লোড করে তবে ওই পাঁচ হাজার স্মার্টফোন হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে।
হ্যাকররা যদি ভয়েস রিকগনিশন সফটওয়্যারের সবকিছু জেনে ফেলে তবে তারা নিজেরাই ভয়েস কমান্ড তৈরি করতে পারবে, যা সাধারণ মানুষের জন্য বিপদ ডেকে আনতে পারে। এ ধরণের হুমকি থেকে মুক্তি পেতে ভয়েস রিকগনিশন সফটওয়্যারের ডেভেলপারদের মানুষ এবং কম্পিউটার উদ্ভুত ভয়েস কমান্ডকে পার্থক্য করার জন্য ফিল্টার যুক্ত করা লাগতে পারে বলে প্রতিবেদনটিতে বলা হয়।


