৫.৪৫ কোটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছে
শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ কোটি ৪৫ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার (১০ এপ্রিল) মোবাইল অপারেটর বাংলালিংক এর রোড শো শেষে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করব। এর মধ্যে যেগুলোর নিবন্ধন হবে না সেগুলোর গ্রাহককে নিবন্ধনে বাধ্য করতে কয়েক ঘণ্টা করে সিম বন্ধ থাকবে।
পাশাপাশি এসময়ে এসএমএস দিয়ে সতর্ক করা হবে। এরপরও বায়োমেট্রিক নিবন্ধন না করলে ওইসব সিম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়াতে বাংলালিংক এ রোড শো-র আয়োজন করে। ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী সিমের অপব্যবহার ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধনে জোর দেন। সিম অপব্যবহারের শিকার অনেকে হয়েছেন। একটি গোষ্ঠী বা পক্ষ অপপ্রচার চালাচ্ছে। তবে এই নিবন্ধন প্রক্রিয়ার পক্ষে সবাই।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বায়োমেট্রিক পদ্ধতির বিরুদ্ধে যারা ‘অপপ্রচার’ চালাচ্ছেন, তারা ‘দেশ ও জনগণের শত্রু’।
এসময়ে বাংলালিংক এর সিসিও শিহাব আহমেদ ও বিটিআরসি ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জানা যায়, বর্তমানে সিমের মোট সংখ্যা ১৩ কোটি ১০ লাখ। অবশ্য মোট সিমের মধ্যে আট কোটি সক্রিয় বলে অপারেটরদের ধারণা। গত বছরের ১৬ ডিসেম্বর বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর আঙুলের ছাপ না দিয়ে নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি চলছে পুরনো সিমের পুনঃনিবন্ধন।


