English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১১

আইফোন সম্পর্কে নতুন সাত তথ্য

অনলাইন ডেস্ক
আইফোন সম্পর্কে নতুন সাত তথ্য

 

স্মার্টফোন সাম্রাজ্যের বড় অংশীদার আই্‌ওএস  চালিত এ্যাপলের আইফোন। গুগলের অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের সাথে তুমুল প্রতিযোগিতার পর এই প্রথমবারের মতো, আইফোনের বিক্রি কমতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ আধুনিক এবং বিশ্বব্যাপী আলোচিত এই স্মার্টফোন অ্যাপলের ৬৩ শতাংশ আয়ের উৎস৷ আইফোন সম্পর্কে কিছু নতুন তথ্য জানুন এই প্রতিবেদনে৷

1. অ্যাপেল নয়পার্পেল’: আইফোন তৈরির প্রাথমিক স্তরে, যখন বিভিন্ন আইডিয়া বিবেচনা করা হচ্ছিল, তখন অ্যাপল এই প্রকল্পের সাংকেতিক নাম দেয় ‘পার্পেল’৷ অ্যাপলের এক সাবেক নির্বাহী জানান, পার্পেল টিমের অফিস অনেকটা কলেজ ডর্মের মতো ছিল৷ সেখানে পিৎসার গন্ধ থেকে শুরু করে ‘ফাইট ক্লাবের’ নিয়মকানুন সবই ছিল৷

2. সঠিক সময়: স্টিভ জবস ২০০৭ সালের ২৯শে জুন সকাল ৯টা ৪২ মিনিটে প্রথম আইফোন জনসম্মুখে প্রকাশ করেন৷ মজার ব্যাপার হচ্ছে, ‘আই গড’ জবসের পিছনে প্রদর্শিত আইফোনের ছবিতে ঠিক এই সময়টাই প্রদর্শন করা হয়েছিল তখন৷ অ্যাপল বিভিন্ন অনুষ্ঠানে সময়ের ব্যাপারে এই সচেতনতা দেখিয়েছে৷ তবে ২০১০ সালে আইপ্যাড প্রকাশের সময় এক মিনিট এগিয়ে গিয়েছিল তারা৷

3. পরবর্তী প্রজন্মের প্রযুক্তি: প্রথম আইফোনের দাম ছিল ৫৯৯ মার্কিন ডলার৷ তবে সেই সময় আইফোনে যেসব কাজ করা যেত, তা নব্বইয়ের দশকে করা যায় এমন ডিভাইসগুলো কিনতে গেলে খরচ পড়ত ৩,০০০ মার্কিন ডলার৷ এটা একইসঙ্গে ছিল কম্পিউটার, সিডি প্লেয়ার, ফোন এবং আনসারিং মেশিন৷ অ্যাপল যদি গত দশকের বদলে নব্বইয়ের দশকে আইফোন বানানোর চেষ্টা করতো, তাহলে একটি ফোন বাবদ খরচ হত তিন মিলিয়ন মার্কিন ডলার৷

4.  স্ক্রিনে চিড় ধরা: অনেক সময় তাড়াহুড়ো করে পকেট থেকে ফোন নিতে গিয়ে, কিংবা আঙুলের ফাঁক গলে পড়ে গিয়ে আইফোনের পর্দায় চিড় ধরতে পারে৷ তবে আপনি কি কখনও ১৩,৫০০ ফুট উপর দিয়ে আপনার ফোনটা নীচে ফেলেছেন? এক স্কাইডাইভার কাজটি করেছেন৷ তারপরও সেই আইফোন দিয়ে কল করা যেত৷

5. আইপ্যাড হয়ে গেল আইফোন: গত দশকের শুরুর দিকে অ্যাপল একটি ভার্চুয়াল কি-বোর্ডযুক্ত ট্যাবলেট কম্পিউটার তৈরির পরিকল্পনা করে৷ সেই সময় অ্যাপলের ইঞ্জিনিয়াররা তাদের ফোনের উপর বিরক্ত ছিল৷ সেই বিরক্তি প্রকাশ করতে গিয়ে আইডিয়াটা মাথায় আসে৷ আইপ্যাডে বদলে ছোট আকারে একই সুবিধাসম্পন্ন ফোন চালু করলে কেমন হয়? এভাবেই আসে আইফোনর ধারণা৷

6. আইফোন হুল্লোড়: ২০০৭ সালে মানুষের জীবনযাপনে পরিবর্তন আনা আইফোন বাজারে ছাড়ার পর এখন পর্যন্ত প্রায় ৯০০ মিলিয়ন আইফোন বিক্রি করেছে অ্যাপল৷ কিন্তু চিনের অর্থনীতিতে অস্বস্তি আইফোনের বিক্রিতে প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করছে৷

7. ‘লাভ-হেইটসম্পর্ক: অ্যাপল এবং স্যামসাংয়ের মধ্যকার সাপে-নেউলে সম্পর্কের কথা কারও অজানা নয়৷ এমনকি সিরিও জানে তা৷ এই দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিন ধরেই পেটেন্ট ইস্যুতে চলছে মামলা-মোকদ্দমা৷ তবে এক জায়গায় তারা কিন্তু মিত্র৷ জনশ্রুতি রয়েছে, স্যামসাংয়ের তৈরি কম্পিউটার চিপ হচ্ছে আইফোনের মূল চালিকাশক্তি৷