দিন ফুরলো উইন্ডোজ ৮ –এর!
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম থেকে সমর্থন সরিয়ে নিচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। উইন্ডোজ ৮ থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার অর্থ হচ্ছে—এরপর থেকে উইন্ডোজ ৮ এর জন্য কোনো নিরাপত্তা প্যাঁচ বা সফটওয়্যর হালনাগাদ করা হবে না। মাইক্রোসফটের যতগুলো অপারেটিং সিস্টেম এসেছে তার মধ্যে সবচেয়ে অজনপ্রিয় এবং সমলোচিত অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ ৮।
২০১২ সালে এই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করার মধ্য দিয়ে মাইক্রোসফটের পরিকল্পনায় বড় ধরনের রদবদল দেখা যায়। শুধু ডেস্কটপভিত্তিক অপারেটিং সিস্টেম থেকে মোবাইলকেন্দ্রিক সফটওয়্যারের দিকে ঝুঁকে পড়ে প্রতিষ্ঠানটি। আগের অপারেটিং সিস্টেমগুলোর মত উইন্ডোজ ৮ ব্যাবহারবান্ধব না হওয়ায় তুমুল সমালোচনা শুরু হলে মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর আপগ্রেড ভার্সন ৮.১ উন্মুক্ত করে। এরপর তড়িঘড়ি করে বাজারে ছাড়া হয় উইন্ডোজ ১০। যা এক্সপি এবং সেভেনের পর সারা পৃথিবীতে অপারেটিং সিস্টেম হিসেবে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। উইন্ডোজ ৮ এর দুর্নাম ঘোচানোর জন্যই হয়তো এর উপর থেকে সমর্থন সরিয়ে নিচ্ছে মাইক্রোসফট। এখন যারা ৮.১ সংস্করণ ব্যাবহার করেন অথবা উইন্ডোজ ৮ থেকে হালনাগাদ করে নেবেন তাদের জন্য মাইক্রোসফট্ ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত সমর্থন দিয়ে যাবে।
এর আগে মাইক্রোসফট্ জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি থেকে সমর্থন প্রত্যাহার করার ঘোষণা দেয়। সম্প্রতি উইন্ডোজ ৮ ছাড়াও মাইক্রোসফট সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরার ৮, ৯ ও ১০ সংস্করণ থেকে সমর্থন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। অবশ্য যারা উইন্ডোজ ৮ ব্যবহার করছেন তারা এর ব্যবহার চালিয়ে যেতে পারবেন। শুধু মাইক্রোসফট্ কে আর আপনার পাশে পাবেন না।


