চলতি বছর ফোর জি চালু হবে : তারানা হালিম
চলতি বছরের মধ্যে দেশে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর জি নেটওয়ার্ক চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
শনিবার টাঙ্গাইলের দেলদুয়ারের নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যপক কাজ করে যাচ্ছে সরকার। এ লক্ষ্য পূরণে ইন্টারনেট সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যান্ড উইথের মূল্য সহজলভ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময়ে মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজ দেখেন। এরপর বিজ্ঞান মেলা ঘুরে দেখেন। এবং শেষে বার্ষিক পুরস্কার বিজয়ীদের মাঝে তুলে দেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল বাতেন এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মনিরা সুলতানা, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আহমেদ প্রমুখ।


