বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে সাকিবের লিগ্যাল নোটিশ
বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাতদিনের মধ্যে নোটিশের বিষয়ে পদক্ষেপ না নিলে বাংলালিংক ও যমুনা ব্যাংকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ, ছবি ব্যবহার করার অভিযোগে বাংলালিংক ও যমুনা ব্যাংকের বিরুদ্ধে সাকিবের এই পদক্ষেপ।
ব্যবসায়িক স্বার্থে তার ছবি, ব্র্যান্ড ইমেজ ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়েছেন সাকিব।
রোববার (২৩ জুলাই) সাকিব আল হাসানের পক্ষে ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান।
ব্যারিস্টার আশরাফুল হাদী জানান, সাকিব আল হাসান, বাংলাদেশ ও বিশ্বের স্বনামধন্য ক্রিকেটার। সাকিব আল হাসানের বিখ্যাত ব্র্যান্ড ইমেজ নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহারের জন্য বাংলালিংক ২০১৪ সালের ২১ জানুয়ারি একটি চুক্তিতে আবদ্ধ হয়।
চুক্তির শর্ত ছিল মেয়াদ শেষ হলে বাংলালিংক সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত কোনো ছবি অ্যাডভারটাইজমেন্ট ইত্যাদির কোনো রূপ ব্যবহার আর করবে না। চুক্তির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ২০ জানুয়ারি। তারপরও বাংলালিংক চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে যমুনার ব্যাংকের এটিএম বুথসহ আরো অন্যান্য জায়গায় সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ইমেজ অ্যাডভারটাইজমেন্ট প্রচার করছে নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য।
আইনজীবী বলেন, এই ধরনের বেআইনি কাজে বাংলালিংক ও যমুনা ব্যাংকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের ঘৃণ্য বেআইনি ও অনৈতিক কাজ চুক্তি ভঙ্গ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৪ কপিরাইট আইন ২০০০ এর ধারা ৮২, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬, ৪২০ ধারার লঙ্ঘন।
নোটিশে ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৮০ হাজার ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে। এছাড়া সাকিব আল হাসানের ছবি ব্র্যান্ড, সিগনেচার সম্বলিত সব ধরনের ছবি প্রত্যাহার করার কথা বলা হয়েছে।


