English Version
আপডেট : ১৯ জুন, ২০২২ ১৫:৫৬

সিলেটের বন্যার্তদের পাশে টাইগাররা

অনলাইন ডেস্ক
সিলেটের বন্যার্তদের পাশে টাইগাররা

সিলেটে বন্যার পানি ক্রমাগত বাড়ছে। অনেকের ঘরে গলাসমান পানি। রাস্তাঘাট তলিয়ে অধিকাংশ গ্রাম উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চুলা ডুবে যাওয়ায় রান্নাবান্নাও অনেকের বন্ধ হয়ে পড়েছে। 

বন্যাকবলিত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকটে পড়েছে বাসিন্দারা। এ অবস্থায় মানবিক বিপর্যয় রোধে বন্যার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। 

সাকিব আল হাসান: ভয়াবহ এই বন্যা পরিস্থিতিতে সবার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেটের পাশে আছেন জানিয়ে সাকিব লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সংকটময় পরিস্থিতিতে সবাই সিলেটকে প্রার্থনায় রাখি’।

তামিম ইকবাল: সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তামিম লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন’।

টেস্ট দলে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস ঈশ্বরের কাছে প্রার্থনা করে লিখেছেন, মহা মানবিক বিপর্যয় নেমে এসে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেটে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ এবং উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মুহূর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন’।

মুশফিকুর রহিম:এদিকে হজে যাওয়ার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে না যাওয়া মুশফিকুর রহিম নিজের ফেসবুকে সবার জন্য দোয়া কামনা করে লিখছেন, ‘সিলেট এবং দেশের অন্যান্য জায়গায় যারা বন্যা দুর্গতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবার জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের ক্ষমা করে দিক এবং আমাদের এমন দুরবস্থা থেকে রক্ষা করুক। আমরা সবাই নিজের জন্য ক্ষমা চাই এবং নিকটজনের জন্য দোয়া কামনা করি সৃষ্টিকর্তার কাছে’।

মেহেদী হাসান মিরাজ:ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নেওয়া মেহেদী হাসান মিরাজ সিলেটের সবাই যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে আরেন সেই কামনা করে নিজের ফেসবুক পেজে লিখেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সকলে এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় হাতে-হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ’।

রুবেল হোসেন:পেসার রুবেল হোসেন লিখেছেন, হে আল্লাহ আপনি সিলেটের অসহায় মানুষদের এই দুর্যোগের হাত থেকে হেফাজত করুন। ভালো নেই দেশের মানুষ এই রকমের ভয়াবহ দুর্যোগ হলে ভাল থাকাটাও সম্ভব না। কিছু অনলাইন পোর্টালে কিছু নিউজ ভাসছে, জানিনা সত্য কিনা প্লিজ অনুগ্রহ করে এই অসহায়ত্বের কেউ সুবিধা নিবেন না। 

এর হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। আসুন যে যেভাবে পারি তাদের পাশে থাকি। মনে রেখো ভাই, আপনি কারও জন্য দোয়া করলেন কারো উপকার করলেন আল্লাহ অবশ্যই এর উত্তম প্রতিদান আপনাকে দিবে’।

তাসকিন আহমেদ:আমাদের মাতৃভূমির সৌন্দর্য্যের অন্যতম সেরা স্থান সিলেট-সুনামগঞ্জ ভয়াবহ বন্যা গ্রাস করেছে! গণমাধ্যমে বন্যার ভয়াবহতা দেখে খুব কষ্ট লাগছে। আল্লাহ সবার সহায় হোক। আসুন সবাই বন্যা দুর্গতের পাশে থাকি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আমরা যেন দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারি... আমিন।

মাহমুদউল্লাহ রিয়াদ:এক স্ট্যাটাসে রিয়াদ লিখেছেন, হে আল্লাহ্‌, তুমি বন্যা কবলিত সকল মানুষকে হেফাজত করো, রহমত করো।

মাশরাফি বিন মুর্তজা:বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও, যে আঙিনা সবসময় মুখরিত থাকে ধর্মপ্রাণ মানুষ আর সৌন্দর্যপিপাসুদের আনাগোনায়, সেই সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায়। চরম এই বিপদে দুর্ভোগে পড়া মানুষদের সমব্যথী আমরাও।

জানি, বাস্তবতা অনেক কঠিন। তবু ধৈর্য রেখে হাল না ছেড়ে চালিয়ে যেতে হবে জীবনের লড়াই। এই সময়গুলোতেই প্রমাণ করতে হয় যে 'মানুষ মানুষের জন্য।' সবাই যে যতটা পারি, আমরা যেন দুর্গতদের পাশে থাকি ও সহায়তা করি। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন দ্রুত।