English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৫:০৮

ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া

অনলাইন ডেস্ক
ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া

মনে আছে যশপাল শর্মার কথা? ভারতীয় দলের বিপদের বন্ধু বলা হতো যাকে। সেই সাবেক ক্রিকেটারকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেটে। ৬৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান। দিল্লিতে মঙ্গলবার সকালে হাঁটতে বের হয়ে বাড়ি ফেরার পর কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় তার।

যশপালের ৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় নিঃসন্দেহে ১৯৮৩ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেটের পালাবদলের ওই আসরে শিরোপা জয়ের পথে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল তার। ওই টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচে পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পথে ৮৯ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন যশপাল। সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পথেও রান তাড়ায় খেলেন ৬১ রানের মহামূল্য ইনিংস।

১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৭ টেস্ট ও ৪২ ওয়ানডে খেলেন যশপাল। টেস্টে ২ সেঞ্চুরিতে ৩৩.৪৫ গড়ে রান ১ হাজার ৬০৬। ওয়ানডেতে চার ফিফটিতে রান ৮৮৩, গড় ২৮.৪৮। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ সেঞ্চুরিতে রান প্রায় ৯ হাজার।

দুই টেস্ট সেঞ্চুরির প্রথমটি করেন তিনি ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লিতে, আরেকটি ১৯৮২ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে। তার আরেকটি স্মরণীয় ইনিংস ১৯৭৯ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে কলকতায়। শেষ ইনিংসে সময়ের সঙ্গে লড়াই করে ২৪৭ রান তাড়ায় ১১৭ বল খেলে ৮৫ রানে অপরাজিত যশপাল। কিন্তু ভারত ২০০ করার পর আলোকস্বল্পতায় ড্র হয় ম্যাচ।

খেলা ছাড়ার পর তিনি ধারাভাষ্য দিয়েছেন, কোচিং করিয়েছেন ও কাজ করেছেন ক্রিকেট প্রশাসক হিসেবে। ২০০০ থেকে ২০০৫ ও ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত সময়ে দুই মেয়াদে ছিলেন জাতীয় দলের নির্বাচকও। সবশেষ কাজ করছিলেন দিল্লির ক্রিকেট পরামর্শক কমিটিতে।