মারা গেলেন কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং
ভারতীয় কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ৩০ দিনের মাথায় শুক্রবার (১৮ জুন) ভারতের পিজিআইএমইআর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মিলখা সিংয়ের ছেলে গল্ফার জীব মিলখা সিং ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তার মৃত্যুর পাঁচ দিন আগেই মৃত্যু হয় মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর’র। তারা দুজনই করোনায় সংক্রমিত ছিলেন বলে জানা গিয়েছে। দেশের প্রথম স্বর্ণপদক জয়ী দৌড়বিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ রাজনৈতিক নেতাকর্মীরা।
১৯৫৮ সালে কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলেন ‘উড়ন্ত শিখ’ মিলখা। এর পরের বছর অর্থাৎ ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মান লাভ করেন তিনি। এরপর ১৯৬০ সালে ভারতের হয়ে রোম অলিম্পিকে অংশ নেন। সেখানে এ দৌড়বিদ চতুর্থ হয়। এছাড়া এশিয়ান গেমসে চারটি সোনা লাভ করেছেন তিনি।
বৈশ্বিক মহামারি করোনভাইরাস পরিস্থিতিতে গত ২০ মে করোনায় সংক্রমিত হন মিলখা সিং। এরপর জানা যায় তার স্ত্রীও করোনায় আক্রান্ত। বাড়ির এক পরিচারকের দ্বারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা। ২৪ মে মোহালির হাসপাতালে ভর্তি করা হয় মিলখা সিংকে। ৩০ মে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও কয়েকদিন পর ৩ জুন শরীরের অক্সিজেনের মাত্রা কমে যায়। এরপর পিজিআইএমইআরের নেহরু হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে করোনা আইসিইউ থেকে সাধারণ আইসিইউতে স্থানান্তর করা হয় মিলখা সিংকে। কিন্তু এর পর দিনই মৃত্যু হয় তার।


