English Version
আপডেট : ২০ জুলাই, ২০১৯ ১৫:৩০
সূত্র:

শ্রীলঙ্কা সিরিজটি চ্যালেঞ্জিং হবে : তামিম

শ্রীলঙ্কা সিরিজটি চ্যালেঞ্জিং হবে : তামিম

আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে দায়িত্ব পাওয়া নতুন অধিনায়ক ওপেনার তামিম ইকবাল। তবে তাঁর আশা, দল হিসেবে ভালো করবে বাংলাদেশ। আজ শনিবার দলের সঙ্গে বিমানবন্দর ছাড়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এ সময় অধিনায়কত্বের বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘দেখেন, কে অধিনায়ক হবে বা না হবে এই সিদ্ধান্তটা সাধারণত বোর্ড থেকে আসে। আমার কাছে মনে হয় যে এই সিরিজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে দল আছে, এই দলেরও প্রমাণ করার অনেক কিছু আছে। যদিও আমাদের প্রথম সারির অনেক খেলোয়াড় চোটের কারণে এই সফরে যাচ্ছেন না।’  

এদিকে ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না মাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়াও ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ইনজুরি এমন একটা জিনিস, যা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। আমি নিশ্চিত, স্কোয়াডে যারা আছে, তারা সবাই যোগ্য খেলোয়াড়। আমি নিশ্চিত, যারা সুবিধা পাবে তারা যদি ভালো করে তবে আমরা অনেক কিছু অর্জন করতে পারব।’  

তবে বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে আরেকটি বড় চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকেই তাকাচ্ছেন দলের এই নতুন অধিনায়ক। তিনি বলেন, ‘বিশ্বকাপে খেলার যে ধরনের আমি আশা করেছিলাম, সত্যি কথা বলতে তা হয়নি। আমার নিজের যা মান তা আমি মেইনটেইন করে খেলতে পারিনি। এটা ক্রিকেট, এটা জীবনের অংশ। এটা নিয়ে আমি যদি সারাদিন চিন্তাও করি তবে তা আমাকে আরও কষ্ট দিবে। যে জিনিসটা আমি সবসময় ভালো করে আসছি ওটা আমি চালিয়ে যাব।’