English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৮ ১১:৫৬

হোটেলের ঘটনা প্রসঙ্গে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক
হোটেলের ঘটনা প্রসঙ্গে যা বললেন সাকিব

ভক্তের সঙ্গে গতকাল সাকিব আল হাসানের ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ আলোচনা সমালোচনা হয়। ভিডিও’র প্রথম দেখায় সাকিবকে দোষারোপ করা হলেও পরে জানা যায় ঘটনা অন্যরকম ছিল। দিনভর চলা ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গ নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব।

সাকিব তাঁর অফিসিয়াল ফেসবুকে জানিয়েছেন, ‘আমার প্রিয় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে এবং আমার একজন তথাকথিত ‘ফ্যান’ এর সাথে তর্ক-বিতর্ক করতে দেখা যায়। এই ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না।

পর পর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মী বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম ও ব্যাগ বহন করেছিলাম তাই আমাদের হাত পূর্ণ ছিল যা কোন ভাবেই অটোগ্রাফ দেওয়ার অবস্থায় ছিল না। আমরা সর্বদাই আমাদের ভক্তদের সাথে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সাথে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলি ভাগ করে নেয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে আমরাও মানুষ। আমরা মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণে লড়াই করি। আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং প্রশংসা করি সব সময় এবং চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যেন আমরা মাঠে ভালো খেলার মাধ্যমে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সঙ্গে সব সময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে।

আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি তবে তা ব্যক্তিগতভাবে নিবেন না কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কেমন মুডে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোনো সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না। আমি আমার ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা কোন লিগের জন্য হোক। একই সাথে আমি আমার ভক্তদের কাছ থেকে সম্মান, ভালোবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি। আমি জানি কিছু যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না, কিন্তু সর্বদা ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্ধেশ্যে বলতে চাই আমাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই নিচু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি। নতুন কোন চাপ প্রয়োগ না করার জন্যে বিশেষ অনুরোধ করা হলো। আর এই মানসিকতার বাইরে যারা আছে আমি সর্বদা তাদের পাশে আছি।

সবার জন্যে আমার তরফ থেকে ভালোবাসা রইলো – সাকিব।’

উল্লেখ্য, ভিডিও ভাইরালের পর থেকেই বাংলা ইনসাইডার অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায় সাকিবের সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করে ওই ভক্ত। সাকিবের সঙ্গে একটি সেলফি তুলতে চেয়েছিলেন তিনি। সাকিব সমর্থকের আবদার মেনে নিয়ে তাঁর সঙ্গে সেলফি তোলেন। সেলফি তোলার পর সেই সমর্থকের আবদার বেড়ে যায়। ভিডিও করতে চায় সাকিবের সঙ্গে। সমর্থকের নতুন আবদারে সাকিব তাঁকে বুঝিয়ে বলে সে টায়ার্ড অনেক। এই বলে সাকিব তাঁর গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা দেন। এতেই পিছন থেকে ওই সমর্থক ‘ভাব দেখায়’ কথাটি বলে বসেন। এতেই সাকিব কিছুটা উত্তেজিত হয়ে পড়েন।