English Version
আপডেট : ২৯ মে, ২০১৮ ২২:১৬

সালাহ যেখানেই যান সঙ্গে রাখেন কোরআন

অনলাইন ডেস্ক
সালাহ যেখানেই যান সঙ্গে রাখেন কোরআন

‘রাশিয়ায় খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমি যোদ্ধা, সব বাধা পেরিয়েই বিশ্বকাপে খেলব’। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পাওয়ার পর শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপ নিয়ে এভাবেই নিজের আত্মবিশ্বাসের জানান দিয়েছিলেন মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

এদিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সালাহকে অবৈধভাবে ট্যাকল করার ঘটনায় রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের শাস্তি চেয়ে দুই লাখেরও বেশি ভক্ত স্বাক্ষর করেছেন। তবে এসবে কিছু যায় আসে না সালাহর। চোখ তার বিশ্বকাপে।   আর সেই সালাহকে নিয়েই এবার বেরিয়ে এলো বিস্ময়কর তথ্য। জানা গেছে, সালাহ এমন একজন ফুটবলার যিনি নিজের জীবনের সঙ্গে কোরাআনের মর্মবাণীকে গেঁথে রাখতে চান সদা সর্বদা। আর তাইতো তিনি যখন যেখানেই যান তার সঙ্গে অবশ্যই থাকে কোরআন।

বিবিসির খবরে বলা হয়েছে, সালাহ একজন নিবেদিত মুসলিম। ধর্মচর্চায় কোনো রাখঢাক করেন না। নানা ধরনের ধর্মীয় আচার পালন করতে দেখা যায় তাকে। মাঠে হরহামেশা এর প্রমাণ মেলে। প্রতিপক্ষের জালে বল জড়িয়েই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেজদাহে অবনত হন, দুই হাত তুলে মোনাজাত করেন। খেলা শুরুর আগেও দোয়া করেন। যেখানে যান সঙ্গে রাখেন পবিত্র কোরআন।

সম্প্রতি সালাহ নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমার শরীরে কোনো ট্যাটুর চিহ্ন নেই। আমি কখনও হেয়ারস্টাইল পরিবর্তন করি না। আমি জানিও না কীভাবে নাচতে হয়। এভাবেই খেলা চালিয়ে যেতে চাই।’

সদ্যই কিয়েভের মাঠে খেলতে যাওয়ার আগে বিমান ভ্রমণে দেখা যায় সালাহকে। বিমানে বসে খুব মনোযোগী পাঠকের মতো কোরআন পড়ছেন সালাহ। এমন ছবি প্রকাশের পর ধর্মপ্রাণ মানুষের আস্থা এই ফুটবলারের প্রতি আরও বেড়ে গেছে।

উল্লেখ্য, চলতি মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন সালাহ। নিজে ৪৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৬টি। গেল মৌসুমে রোমা থেকে লিভারপুলে পাড়ি জমানো এই মুসলিম ফুটবলার এখন মেসি-রোনালদো-নেইমারদেরও নজর কেড়েছেন। প্রতিদিনই একটু একটু করে ছাড়িয়ে ছাপিয়ে যাচ্ছেন নিজেকে। বিশ্বকাপেও এমন সালাহকেই দেখতে চাইবে মিশরীয়রা।