নতুন বছরে নিজের লক্ষ্য নিয়ে যা বললেন রিয়াদ
বাংলাদেশের শততম টেস্টের সময় দলের বাহিরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবার ঘরের মাঠে সেই লঙ্কার বিপক্ষে সাকিব আল হাসানকে সাথে নিয়ে ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন সেই বাদ পরা মাহামুদুল্লাহ। জানুয়ারিতে প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশের অদৃশ্য প্রতিপক্ষ চন্ডিকা হাথুরুসিংহে। চন্ডিকাকে চিন্তার কারণ মনে করেন না মাহমুদউল্লাহ। নতুন বছরের শুরুটা ভাল করে তার ধারাবাহিকতা ধরে রাখতে চান।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) মিরপুরের একাডেমি মাঠে নতুন বছরে নিজের লক্ষ্য, নতুন দায়িত্ব ও জানুয়ারিতে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কথা বলেন তিনি। দলের জন্য নতুন বছরে নতুন কিছু করার ইচ্ছা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাগিদ তো সবসময় থাকে। কারণ জাতীয় দলের জার্সি গায়ে থাকলে সবসময়ে তাগিদ থাকে। ভাল পারফর্ম করা, দেশের জন্য কিছু করা, টিমকে ভাল সার্ভিস দেয়া। এটা সবসময়ে কাজ করে। যতদিন থাকব দেশের জন্য কিছু করব।’ এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। এবার সহ-অধিনায়কত্ব নিয়ে রিয়াদ বলেন ‘আসলে আমি ছেড়ে (সহ-অধিনায়কত্ব) দিয়েছিলাম জিনিসটা ঠিক নয়। বিসিবি তখন যেটা ভাল মনে করেছে সেটাই করেছে। ওটা তাদের ব্যাপার ছিল। এখন আবার দায়িত্ব দিয়েছে। এখন চেষ্টা করবো পুরপুরিভাবে যেন দায়িত্বটা পালন করতে পারি। চেষ্টা করবো অধিনায়ককে সাহায্য করতে। আর দলে সিনিয়র হিসেবে যতটুকু দায়িত্ব তা পালন করার। আসলে ক্যাপ্টেন্সি নিয়ে সব খেলোয়াড়েই স্বপ্ন থাকে। যে কোন দেশের প্রতিনিধিত্ব বা দলের প্রতিনিধিত্ব করা। তো আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে ধন্যবাদ। আমি আমার দিক থেকে চেষ্টা করব দায়িত্বটা পালন করার।’ মাহমুদউল্লাহ রিয়াদ আরো বলেম, ‘আমি এত কিছু নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি, কিভাবে ভাল করতে পারব। আমার নিজের শক্তি এবং দুর্বল জায়গা কী কী তা জানি। এসব নিয়ে যেন কাজ করতে পারি। মাইন্ডসেট করতে পারি। তাহলে মনে হচ্ছে ভাল কিছু করতে পারবো। তো এটাই আমার ইচ্ছা, যেন আমি আমার দুর্বল জায়গা নিয়ে কাজ করতে পারি। একই সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করে যেন ভাল কিছু করতে পারি। এর বেশি কোন কিছু চিন্তা করছি না।’


