English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৭ ১২:৪৩

টানা পাঁচ উইকেটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
টানা পাঁচ উইকেটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

৩৫ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার রান তখন ১৫৮। এরপর স্টিভ স্মিথকেও ফেরান সাকিব (৩৭)। মুশফিকুর রহীমের হাতে ক্যাচে পরিণত হন অজি অধিনায়ক। তাইজুল ইসলামের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ হয়েছেন পিটার হ্যান্ডসকম্পও (১৫)। এরপর আবারও শাকিবের আঘাতের শিকার ওয়েড। এরপর অগারকে ফেরান তাইজুল। মিরপুরে টাইগারদের হাত থেকে মুঠো থেকে ম্যাচ বেরিয়য়ে যেতে যেতে যেন হঠাৎই নাটকীয় মোড়।   আগের দিনে অপরাজিত ৭৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে বুধবার চতুর্থ দিনের সকালের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। ১৯তম টেস্ট সেঞ্চুরিটা পেলেন ওয়ার্নার। উপমহাদেশের মাটিতে ব্যর্থতা অন্তত কিছুটা ঘুচলো তার। তবে সেটি বাংলাদেশকে পুড়িয়ে।   ঢাকা টেস্টের চতুর্থ দিন সকালেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এবং তার ডেপুটি ডেভিড ওয়ার্নার জুটি ভয় ধরিয়েছিলো। অবশেষে ১১২ রানে থামলেন ওয়ার্নার। শাকিবের বলে এলবিডব্লিউ হয়ে।   নিজের পরের ওভারে ফিরে আবারো আঘাত হানলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবারের শিকার অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি করেছেন ৩৭ রান।   এর আগে বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অজিরা। ম্যাট রেনশকে (৫) এলবিডাব্লিউ করে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই উসমান খাজাকে (১) তাইজুলের তালুবন্দী করান সাকিব। তবে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া অধিনায়ক স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার বড় জুটি গড়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন।   তৃতীয় দিনের শেষ সেশনে আক্ষেপ হয়ে রইল বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া। সৌম্য সরকার আর ইমরুল কায়েসের সৌজন্যে জীবন পেলেন যথাক্রমে অজি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক স্টিভেন স্মিথ।   ওয়ার্নার তখন ১৪ রানে আর স্মিথ ৩ রানে ব্যাট করছিলেন।