২৬০ রানে থেমে গেল বাংলাদেশ
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। এই টেস্টেকে ঘিরে দর্শকদের আনন্দের শেষ নেই। তবে আগুন ঝরালেন প্যাট কামিন্স। অস্ট্রেলীয় পেসারের গতিতে বিভ্রান্ত বাংলাদেশের ব্যাটিং। স্কোরবোর্ডে ১০ রান উঠতেই নেই ৩ উইকেট।
কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই ইনিংস গড়েছেন দেশের হয়ে নিজেদের ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। চতুর্থ উইকেটে এই দুজনের যোগ করা ১৫৫ রানেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো। তামিম ৭১ রানে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন। সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে আউট হন সাকিব। এরপর ষষ্ঠ উইকেটে মুশফিক-নাসিরের জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ব্যক্তিগত ১৮ রানে অ্যাগারের শিকার হন অধিনায়ক মুশফিক। একটু পরে আউট হয়ে গেছেন মিরাজও (১৮) ও নাসির (২৩)। শফিউলের দুটি চারেই আড়াই শ পেরিয়েছে বাংলাদেশ।
মিরপুরে গড়াচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাট করেছে বাংলাদেশ। কিন্তু প্রত্যাশিত স্কোরে যেতে পারেনি টাইগাররা। মাত্র ২৬০ রানেই থেমে গেল বাংলাদেশের প্রথম ইনিংস।
অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট কামিন্সের। একটি করে উইকেট পেয়েছেন নাথান লায়ন ও গ্লেন ম্যাক্সওয়েল। কামিন্সের অফ স্টাম্পের বাইরের একটি বলে খোঁচা দিয়ে গালিতে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন। কামিন্সের পরের ওভারের শেষ দুই বলে আউট হয়ে ফিরেছেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান। ইমরুল হয়েছেন এলবিডব্লিউ। সাব্বির উইকেটের পেছনে ধরা পড়েছেন ম্যাথু ওয়েডের হাতে।


