ক্যাচ আর রানআউট মিসের মহড়ায় বড় সংগ্রহের পথে ভারত
স্পোর্টস ডেস্ক : হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে টাইগারদের বিপক্ষে ভারত প্রথম ইনিংসের ৩ উইকেট হারিয়ে ৯০ ওভারে করেছে ৩৫৬ রান। ব্যাটিং উইকেটে সেঞ্চুরি করেছেন ভারতীয় ক্যারিয়ারের ১৬ নম্বর সেঞ্চুরি অধিনায়ক বিরাট কোহলি। তার আগেই শতরান তুলে নিয়েছিলেন মুরালি বিজয়।
ইতিহাসে প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো একটা সূচনা হয়েছিল বাংলাদেশের। বৃহস্পতিবার রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে দল ফিল্ডিংয়ে। অধিনায়ক মুশফিকুর রহীম বল তুলে দিলেন তাসকিনের হাতে। প্রথম ওভারের চতুর্থ বলেই বাজিমাত। ইনিংসের প্রথম ওভারে লোকেশ রাহুলকে ফিরিয়ে তাসকিন তেমন ইঙ্গিতই দিয়েছিলেন। অফ স্টাম্পের বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে মাত্র ২ রানে বোল্ড এই ওপেনার।
তারপরের গল্পটা টাইগারদের জন্য শুধুই হতাশার। ব্যক্তিগত ৩৫ রানের সময়ই আউট হতে পারতেন মুরালি বিজয়। কিন্তু মেহেদী হাসান মিরাজের ব্যর্থতায় অবিশ্বাস্য ভাবে সহজ রান আউট থেকে বেঁচে যান তিনি। সেই লাইফ লাইনটা কাজে লাগিয়ে ভারতীয় ওপেনার কিনা তুলে নিলেন সেঞ্চুরি! যদিও সেই সেঞ্চুরিটাকে আরো বড় হতে দেননি স্পিনার তাইজুল ইসলাম। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিজয়ের জুটিটাও সেভাবে জমাট দেননি। তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরার সময় বিজয়ের রান ১০৮। এটি তার নবম টেস্ট শতরান।
বিজয় ও চেতেশ্বর পুজারার জুটি জীবন পেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। দ্বিতীয় সেশনে সেটি ভাঙা গেছে। ওই দুই ঘণ্টায় একটি মাত্র উইকেট। মেহেদী যেন অভিশাপমোচন করেছেন, তবে বড় দেরিতে। সেঞ্চুরি পথে থাকা পুজারাকে দেখিয়ে দিলেন সাজঘরের পথ। ৮৩ রানে ফিরে যান তিনি। অফ স্পিনারের বলে অধিনায়ক মুশফিকুর রহীমে গ্লাভসবন্দি। ১৭৭ বলে ৯টি চারে ৮৩ রান করেন তিনি। পুজারা এবং বিজয় দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে জমা করেন ১৭৮ রান। সর্বশেষ এই মাঠেই ২০১২-১৩ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু'জন দেড়শর চেয়ে বেশি রানের জুটি গড়েন।
অবশ্য দুজনই হাফসেঞ্চুরির আগেই ফিরতে পারতেন সাজঘরে। কিন্তু ক্যাচ ড্রপ আর রান আউট মিসে তা আর হল না! কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। সেই কথাটা ঠিক ধরে নিলে দুঃসংবাদই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে হায়দ্রাবাদ টেস্টের এখনও অনেকটা পথ বাকি। এখনই জয়-পরাজয়ের হিসেব-নিকেশ করার সুযোগ নেই! কিন্তু জীবন পাওয়া দুই ব্যাটসম্যান ঠিকই সুযোগের সদ্ব্যবহার করছেন।
শুক্রবার সকালে উইকেটে নামবেন দুই নট আউট ব্যাটসম্যান কোহলি ১১১ ও আজিঙ্কা রাহানে ৪৫ রানে। দু'জন চতুর্থ উইকেট জুটিতে এরইমধ্যে জমা করেছেন ১২২ রান। প্রথম ঘণ্টাতেই এই জুটি না ভাঙতে পারলে রানের পাহাড়েই চাপা পড়বে বাংলাদেশ।
২০০০ সালে অভিষেকের পর এই প্রথম ভারতের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর- ভারত: ১ম ইনিংসে ৩৫৬/৩ (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ১১১*, রাহানে ৪৫*; তাসকিন ১/৫৮, রাব্বি ০/৯১, সৌম্য ০/৪, মেহেদী ১/৯৩, সাকিব ০/৪৫, তাইজুল ১/৫০, সাব্বির ০/১০)


