English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:১৫

জয়ের ক্ষুধা নিয়ে ভারত সফরে গেল টাইগাররা

অনলাইন ডেস্ক
জয়ের ক্ষুধা নিয়ে ভারত সফরে গেল টাইগাররা

চোখে মুখে জয়ের ক্ষুধা। হারের বৃত্ত ভাঙার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজ দেশ ছাড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮-০’ তে হারের তিক্ততা ভুলে আশার ফানুস উড়িয়ে ভারত যাত্রা করল সাকিব-তামিমরা।

আজ বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১১.৪০টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা করেন মুশফিকরা। সেখান থেকে বিকাল ৩.৩০টায় ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে হায়দরাবাদের দিকে যাত্রা করবে টাইগাররা।

১৫ ক্রিকেটার ছাড়াও কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্যসহ মোট ২৩ জনের বহর নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশ। হায়দরাবাদে পা রাখার পর শুরু হবে সাকিব-তামিমদের অনুশীলন পর্ব।

গতকাল বুধবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে জায়গা পাননি বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্টে খেলা রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত।

জায়গা পাননি ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশ স্কোয়াডে থাকা মোস্তাফিজুর রহমানও। দলে ফিরেছেন লিটন কুমার দাস। এছাড়া নিউজিল্যান্ড সফরে গিয়ে ইনজুরির কবলে পড়া বাংলাদেশ দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার-মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং ইমরুল কায়েস ভারত সফর দিয়ে আবারও দলে ফিরলেন।

আগামী ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে মুশফিকরা।

বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। ৫ থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।