English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১১:০৮

সাকিবের ঘূর্ণিতে ম্যাচে ফিরল টাইগাররা

অনলাইন ডেস্ক
সাকিবের ঘূর্ণিতে ম্যাচে ফিরল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে একদিন আগেই ক্রিকেটের সবচেয়ে দ্রুত চতুর্থ ক্রিকেটার হিসেবে ৯ হাজার রান সঙ্গে ৪শ উইকেট শিকারের নতুন রেকর্ড করা সাকিব আজ দ্বিতীয় দিন শেষ বিকেলে নিজের দুই ওভারে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন। 

এই প্রতিবেদন লেখার সময় ৭ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৬০।

এদিন চা বিরতির পর দুইশ রান পার করে নিউজিল্যান্ড। সেঞ্চুরির পথে থাকা টেইলরকে সাজঘরে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। লেগস্ট্যাম্পের বলে ফ্লিক করতে যেয়ে শর্ট মিডউইকেটে ধরা পড়েন তিনি। যাওয়ার আগে করে যান ৭৭।

এর আগে ল্যাথামকে ফেরান তাসকিন আহমেদ। টেইলর-ল্যাথামের গড়া ১০৬ রানের জুটি উপড়ে ফেলেন এই টাইগার পেসার। দলীয় ১৫৩ রানের মাথায় বিপজ্জনক ল্যাথামকে বিদায় করেন তাসকিন। আউট হওয়ার আগে নিউজিল্যান্ডকে ৬৮ রানের ইনিংস উপহার দেন ল্যাথাম।

প্রথম সেশনটা দু’দলই সমানে সমান লড়াই করেছে। লাঞ্চ বিরতির আগে ২৫ ওভার শেষে ২ উইকেটে ৭০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

রাব্বির হাত ঘুরে উইকেটের দেখা পায় বাংলাদেশ। একটি নয়, পরপর দুইটি উইকেট তুলে নিলেন কামরুল ইসলাম রাব্বি। দলীয় ৪৫ রানের মাথায় সাব্বিরের হাতে ‘জীবন’ পাওয়া রাভালকে ফিরিয়ে দেন রাব্বি। আউট হওয়ার আগে ১৬ রান করেছেন রাভাল। এরপর ২ রান করা দলনেতা কেন উইলিয়ামসনকে বিদায় করেন রাব্বি।

বাংলাদেশের দেয়া ২৮৯ রান থেকে এখনও ২৯ রান পিছিয়ে আছে কিউইরা।