মেসিকে বর্ষসেরার মঞ্চে চরম অপমান করলেন রোনালদো!
স্পোর্টস ডেস্ক : ফিফার বর্ষসেরাদের তালিকায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি এবং গ্রিঁজম্যান। তবে সবাইকে টপকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতেই যে ফিফার সেরা স্বীকৃতি দণ্ড উঠছে তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই।
তবে ট্রফি পাওয়ার মঞ্চেই যে লিওনেল মেসি অ্যান্ড কোম্পানিকে ধুয়ে দেবেন সিআরসেভেন, সেটা বোঝা যায়নি কখনই। সেটাই করলেন রিয়ালের মহাতারকা ফুটবলার।
আসলে বৃহস্পতিবারই কোপা দেল রে’ ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে নামছে বার্সেলোনা। প্রথম পর্বের ম্যাচে হেরে বসায় দ্বিতীয় ম্যাচে জিততেই হবে লুইস এনরিকের দলকে। সেজন্য জুরিখে ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসিরা। তারপরেই তীব্র আক্রমণ করে বসলেন রোনাল্ডো। এবং সেটা পুরস্কার পাওয়ার রাতেই।
চলতি বছরে মেসিকে টপকে সব ট্রফি ও পুরস্কারের তাজ মাথায় উঠেছে এই পর্তুগীজ তারকার হাতে। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েই সিআরসেভেন বলে দিলেন, ‘খারাপ লাগছে যে বার্সেলোনা থেকে কয়েকজন এখানে থাকতে পারেনি। তবে ওদের সমস্যাটা বুঝি।’ বহুবচন ব্যবহার করলেও রোনাল্ডোর আক্রমণের বিষয়বস্তু যে মেসি, তা আর বলার অপেক্ষা রাখে না।
নিজের নতুন বান্ধবী জর্জিনা রড্রিগেজ ও পুত্রের সঙ্গে পুরস্কার নিতে হাজির ছিলেন রোনাল্ডো। কালো পোশাকে রোনাল্ডোর বান্ধবী একাই ছিনিয়ে নিয়েছিলেন গ্ল্যামারাস অনুষ্ঠানের সমস্ত ঔজ্জ্বল্য। তবে দিনের শেষে শিরোনামে মেসিকে তাক করে রোনাল্ডোর সেই বিস্ফোরক মন্তব্য।


