৫০০ মিলিয়ন ইউরোতে চিনের ক্লাব চায় মেসিকে!
লিওনেল মেসির ছোটবেলা থেকে এই পর্যন্ত আসার পেছনে যে ক্লাবটি অবদান সবচেয়ে বেশি তার নাম বার্সেলোনা। জটিল অসুখ থেকে সারিয়ে বড় হয়ে ওঠা লিও বার্সার ঋণ কোনো দিন শোধ করতে পারবেন না। তাই প্রাণের ক্লাবকে তিনি দিয়েছেন বহুবার ট্রপি। একার কাঁধে ম্যাচ জিতিয়েছেন দলকে। তারই পা থেকেই এসেছে একের পরে এক দুর্দান্ত গোল। কিন্তু প্র্রশ্ন হলো মেসি কতদিন ধরে রাখবেন এই ছবি? সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে এখন ফুটবল মহলে।
মেসির বার্সা ছাড়ার জল্পনা মাঝে মধ্যেই মাথা চাড়া দেয়৷ সমর্থকদের আস্বস্ত করে মেসিকেই বলতে হয়, এই ক্লাব থেকেই অবসর নেবেন তিনি৷ এবার অবশ্য বিষয়টা বেশ সিরিয়াস!
ফুটবলের বরপুত্র মেসিকে এবার অবিশ্বাস্য অফার দিয়েছে চিনের হেবেই ফরচুন ক্লাব। জানা গিয়েছে, স্পেন থেকে উড়িয়ে চিনের এই ক্লাবে খেলতে আসার জন্য মেসিকে তারা ৫০০ মিলিয়ন ইউরো অফার করেছেন, যা বার্সেলোনায় মেসির পাওয়া অর্থের ছয়গুণ।
আগামী বছরেই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সার। এর পরেও তারা মেসিকে রেখে দেবেন বলে জানিয়েছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির কর্তৃপক্ষ। তবে কত টাকার চুক্তিতে মেসি বার্সায় থাকবেন, তা কিন্তু বলা মুশকিল।
ক্লাবটি বিপুল অঙ্কের অর্থ দিয়ে মেসির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে চাইছে। যা শুনে সম্ভবত চোখ কপালে উঠেছে স্বয়ং মেসির৷ তবে কি তাহলে বার্সায় থাকার সিদ্ধান্ত বদলাবেন মেসি?


