English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ১১:৫২

'ফিজ' ইফেক্টে সাসেক্সের ফেসবুক-টুইটারে বাংলা পোস্ট!

অনলাইন ডেস্ক
'ফিজ' ইফেক্টে সাসেক্সের ফেসবুক-টুইটারে বাংলা পোস্ট!

দ্য ফিজ' এর জন্য এখন বাংলা শিখতে শুরু করেছে তার কাউন্টি ক্লাব সাসেক্স। টুইটার ও ফেসবুকে বাংলায় পোস্ট দিতে শুরু করেছে তারা। এবং মুস্তাফিজুর রহমানের সুবাদে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী হওয়া বাংলা ভাষাভাষীরা বিষয়টা খুব ভালো ভাবে নিয়েছে। এর আগে আইপিএলে গিয়ে মুস্তাফিজ তার মায়ের ভাষা বাংলাকে জনপ্রিয় করেছিলেন। সেখানকার কোচ টম মুডি, মেন্টর ভিভিএস লক্ষ্মণও বাংলায় টুইট করেছিলেন। ইংরেজি বলেন না বলে সানরাইজার্স হায়দ্রাবাদে দোভাষী পেয়েছিলেন ফিজ। সাসেক্সও তাদের সাথে যোগ দেওয়ার সাথে সাথে দোভাষী নিয়োগ করেছে বাংলাদেশের বিস্ময় বোলারের জন্য। এবার নতুন চমক। বাংলায় পোস্ট। সাসেক্সের সাথে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মুস্তাফিজ। গেল রাতে দ্বিতীয় ম্যাচে উইকেট পাননি। সারেও হেরেছে। কিন্তু মুস্তাফিজ জ্বরে যে কাউন্টিটি কাঁপছে তা ভালোমতো বোঝা যাচ্ছে। সারের বিপক্ষে ম্যাচের আগে ফেসবুকে মুস্তাফিজের ছবি দিয়ে সাসেক্স বাংলা পোস্টে লিখেছে, "আজকের ম্যাচ শুরু হবে রাত ১১:৩০ এ, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ!" সাসেক্সের টুইটার অ্যাকাউন্টে দুটি বাংলা পোস্ট। প্রথমটি জানাচ্ছে, "আর আমাদের বাংলাদেশের ভক্তদের জন্য...ম্যাচ ১১:৩০ পিএম এ শুরু।" অন্য পোস্টে বলা হয়েছে, "আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।" ইন্সটাগ্রামে বাংলা না থাকলেও সাসেক্সের গত তিন দিনে পোস্ট করা ৬টি ছবিই কাটার বিশেষজ্ঞ মুস্তাফিজের। বাংলা ভাষাভাষীরা সাসেক্সের বাংলা পোস্টকে কেমন ভাবে নিয়েছে দেখুন। একজন লিখেছেন, "সাসেক্সকে বাংলায় টুইট করতে দেখে অসাধারণ লাগছে। ধন্যবাদ ফিজ।" অন্য একজনের টুইট, "বাংলায় তোমাদের টুইট দেখতে ভালোই লাগছে।" ফেসবুকে বাংলা পোস্টের জবাবে বাংলায় একজনের কমেন্ট, "মুস্তাফিজ, স্যালুট ভাই তোমাকে। তোমার জন্য ব্রিটিশরা আজ বাংলা শিখছে, বাংলায় লিখছে। আর একজন বাঙালি হয়ে এটা যে কত বড় গর্বের তা বলে বোঝানো যাবে না।"