টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ সাবেক বিশ্ব তারকারা
মাশরাফির নেতৃত্বে গতবছর থেকে টাইগারদের অগ্রযাত্রা গোটা ক্রিকেট বিশ্বেই আলোড়ন তুলেছে। তাই এবারের এশিয়া কাপের ফাইনালে ওঠাও বিস্ময়কর কিছু নয়। তারপরও শ্বাসরুদ্ধকর একটা ম্যাচের পর সাবেক বিশ্ব তারকারা বাংলাদেশকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।
গতকাল বাংলাদেশ দল পাকিস্তানকে হারানোর পর টুইট করতে দেরি করেননি শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, এই জয় বাংলাদেশের সাহস, দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক। বাংলাদেশ নিজের যোগ্যতা দিয়েই ফাইনালে গিয়েছে। হাথুরু ও তাঁর দলকে অভিনন্দন।
সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ইয়ান বিশপ অনেক দিন ধরেই দেখে আসছেন বাংলাদেশের ক্রিকেট। মাশরাফির কথা আলাদা করে বলতে ভোলেননি, বাংলাদেশকে দেখে আবারও সত্যিই খুব খুশি লাগছে। তাদের ধারাবাহিক উন্নতির এটা আরেকটি সাক্ষ্য। মুর্তজা দারুণ একজন নেতা হয়ে উঠছে।
প্রশংসা এসেছে ফাইনালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারতের ধারাভাষ্যকারদের কাছ থেকেও। ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বাংলাদেশকে নিয়ে গত বিশ্বকাপের স্মৃতিটা মনে করিয়ে দিয়েছেন, দুর্দান্ত একটা জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। ২০১৫ বিশ্বকাপের পর থেকে যে তাদের মানসিকতায় বড় একটা পরিবর্তন এসেছে, এটা তারই প্রমাণ। এখন তারা জেতার জন্যই খেলছে।
আরেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়ার কথা, সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে টানা পাঁচ ম্যাচ জিতল বাংলাদেশ। তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি।
প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সাবেক ভারতীয় গ্রেট সৌরভ গাঙ্গুলী।
বাংলাদেশের সাবেক ইংলিশ বোলিং কোচ ইয়ান পন্ট বরাবরই টাইগারদের খেলার মুগ্ধ দর্শক। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর তার উক্তি, বলতেই হবে বাংলাদেশ গত পাঁচ বছরে বড় একটা শক্তি হয়ে উঠছে। ওদেরকে এভাবে খেলতে দেখা সত্যিই দারুণ ব্যাপার।


