যুবাদের তোপের মুখে নামিবিয়া
অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসরের ২১ তম ম্যাচে টাইগার যুবাদের তোপের মুখে পড়েছে নামিবিয়া। ৫৯ রানের মধ্যে নামিবিয়ার ছয় ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছে টাইগার যুবারা।
এ প্রতিবেদন লেখার সময় ২৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করেছে নামিবিয়া।
মঙ্গলবার সকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মেহেদি হাসান মিরাজ। দুই দলের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। টাইগারদের হয়ে বোলিং শুরু করেন আবদুল হালিম।
ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন ফিরিয়ে দেন নামিবিয়ার ওপেনার ইয়াটনকে (৫)। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানো নামিবিয়া দলীয় ১০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। দলপতি জেন গ্রিনকে (০) রান আউট করে ফিরিয়ে দেন জাকির হাসান।
ইনিংসের ১৩তম ওভারে সালেহ আহমেদ শাওন বোল্ড করেন নিকো ড্যাভিনকে। ৩২ বলে ১৯ রান করে সাজঘরের পথ ধরেন ড্যাভিন। ১৬তম ওভারে মেহেদি হাসান মিরাজ ফেরান মিচেল ভ্যান লিনজেলকে। ব্যক্তিগত ৪ রান করে এলবির ফাঁদে পড়েন তিনি। এরপর শাওনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিন্ডে। এরপর দীর্ঘ সময় উইকেটে থাকা লরেন্স আরিফুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারণী ম্যাচে নামে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বাংলাদেশ ও নামিবিয়া। এ ম্যাচের জয়ী দলই কোয়ার্টারে-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে নেপালকে। হেরে যাওয়া দলকে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।


