৬-০ ব্যবধানে বার্সেলোনার জয়
অ্যাথলেটিক বিলবাওকে পরাজিত করেছে বার্সেলোনা। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদও জয় পেয়েছে দিনের শুরুতেই। আবার নিজেদের মাঠে পিছিয়ে নেই কাতালান ক্লাব। সেই প্রমাণই তারা দিলেন বিলবাওকে ৬-০ ব্যবধানে হারিয়ে।
ম্যাচ শুরুতে আনন্দে ভেসেছেন কাম্প নউয়ের সমর্থকরা। কেননা পঞ্চম ব্যালন ডি’অর প্রদর্শন করেছেন মেসি খেলা শুরুর আগে। তাকে তুমুল করতালিতে স্বাগত জানিয়েছেন সমর্থকরা।
রবিবার রাতের এই ম্যাচে দেখা গেছে মেসি-নেইমার-সুয়ারেজ তিন তারকার দুর্দান্ত পারফরম্যান্স। যেন গোল উৎসব চলছিল বার্সেলোনার। অার গোলের সূচনা মেসিই করেছেন। খেলা শুরুর ৩ মিনিটেই ডি-বক্স সীমানায় সুয়ারেজকে ফাউল করে লালকার্ড দেখেন বিলবাওয়ের গোলরক্ষক ইরাইসোস। আর তার পরিবর্তে মেসি পেয়ে যান পেনাল্টির সুযোগ। খুব সহজেই মেসি পেনাল্টি থেকে প্রথম গোলটি করেছেন। তবে তিনি বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে সাজঘরে ফিরে যেতে হয়েছে তাকে। তবে এর ফলে তেমন একটা সমস্যার সম্মুখীন হতে হয়নি লুইস এনরিকের দলকে। তারা প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে খেলেছেন। নেইমার এবং সুয়ারেজের দুইটি চেষ্টা ব্যর্থ করে বিলবাও। কিন্তু ৩১ মিনিটে নেইমারের গোলটি ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনার। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে লুইস সুয়ারেজ তার চমক দেখানো শুরু করেন। হ্যাটট্রিক করে দলকে এগিয়ে নিয়ে গেছেন ৫-০ ব্যবধানে। তার দুর্দান্ত পারফরম্যান্সেই জয় সুনিশ্চিত হয়েছে। আর এর মধ্যেই ৬২ মিনিটে আরও একটি গোল করেছেন ইভান রাকিতিচ। রাতের এই ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। দলটি বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। অপরদিকে দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এখনও তারাই শীর্ষে অবস্থান করছেন।


