দু:সময়ে গেইল-স্যামুয়েলদের পাশে লয়েড
ক্যারিবিয়ান ক্রিকেটের দুর্দিন যেন আর শেষ হতে চায় না। এককালের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ এখন যেন নখ-দন্তহীন ব্র্যঘ্র। অস্ট্রেলিয়ায় বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচে খুবই খারাপভাবে হেরেছে। আরে সেই সফরের সময়ই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ মাতাচ্ছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো, স্যামুয়েল বদ্রিরা। দেখাচ্ছেন নজরকাড়া পারফর্মেন্স। তবে আসলে বিষয়টা কি । বিষয়টি হল ক্রিকেটারদের টি-টোয়েন্টি প্রীতি। কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স অনেকটা অসহায় কন্ঠে বলেছিলেন, যারা টি-টোয়েন্টির জন্য টেস্ট ছাড়ছে তাদের ব্যাপারটার সমাধান করা উচিৎ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। কিন্তু ক্যারিবিয়ানের প্রধান নির্বাচক কিংবদন্তি সাবেক ক্রিকেটার ক্লাইভ লয়েড তেমন কোনো পথ দেখেন না। যারা টি-টোয়েন্টির লোভনীয় অর্থের জন্য টেস্ট ছেড়েছেন তাদের কোনো দোষ দেন না।
টেস্টে গেইলদের অনুপস্থিতি দলের জন্য বিরাট ভোগান্তি। কিন্তু ক্যারিবিয়ান কিংবদন্তী বাস্তবতার নিরীখে সবকিছু বিবেচনা করতে বলেছেন। তিনি বলেন "আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, ব্রাভোরা বড় দৈর্ঘ্যের ক্রিকেট থেকে অবসর নিয়েছে। রাসেলের মতো কারো সাথে আলাপে বসা যায়। কিন্তু তার হাঁটুতে সমস্যা। শুধু ওয়ানডে ক্রিকেটই খেলে। লেন্ডল সিমন্সকে পেলে ভালো হতো। কিন্তু সে আসবে না। এটা দুঃখজনক পরিস্থিতি। কিন্তু এর মধ্যেই আমাদের ক্রিকেট উন্নতি করবে বলে আমার বিশ্বাস।"
ওয়েস্ট ইন্ডিজ দল টেস্টের বদলে কেন টি-টোয়েন্টি বেছে নিল সে বিষয়ে লয়েড বলেছেন, "তাদের দোষ দেয়া যায় না। বিষয় হলো, ছোটো দৈর্ঘ্যের খেলায় যে টাকা দেয়া হচ্ছে তা নিয়ে খেলোয়াড়রা তাদের ভবিষ্যতের কথা ভাবছে। আমরা তাদের মিস করছি। যাদের তৈরি করা হয়েছিল তারা ছেড়ে যাওয়ায় শুন্যতা সৃষ্টি হয়েছে। আমাদের তা পূরণ করতে হবে।"
তবে ক্যারিয়ারের পড়ন্ত মুহূর্তে বিধ্বংসী গেইল আবার টেস্টে ফেরার ইচ্ছে ব্যাক্ত করেছেন। অবশ্য তার জন্য দরজা খোলাই রাখছেন লয়েড। তবে টেস্টের জন্য নিজেকে উপযুক্ত প্রমাণ করতে হবে গেইলকে। লয়েডের ভাষ্য, "এটা তার ওপর নির্ভর করে। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নির্বাচিত হতে হলে আপনাকে চারদিনের খেলা খেলতে হবে।"


