৪ কোম্পানিকে তালিকাচ্যুতির সিদ্ধান্ত ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা
মূল বাজার থেকে ৪ কোম্পানিকে তালিকাচ্যুতির সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। পাশাপাশি তাদের ওটিসি মার্কেটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়িক পারফরমন্সে ও উৎপাদন বন্ধ এসব কোম্পানির পুঁজিবাজারে থাকার যোগ্যতা নেই। এক্ষেত্রে ডিএসইর পর্ষদ তালিকাচ্যুতির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যা সার্বিক পুঁজিবাজারের জন্য ইতিবাচক। ডিএসইর এই সিদ্ধান্তের মাধ্যমে অসাধু শেয়ার ব্যবসায়িদের কাছে একটি বার্তা পৌছাবে। যাতে ভবিষ্যতে কোনো জাঙ্ক বা উৎপাদন বন্ধ এমন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করার আগে চিন্তায় পড়বে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি চারটি হচ্ছে- ইমাম বাটন লিমিটেড, মেঘনা কনডেন্স ইমল্ক লিমিটেড, মেঘনা পিইটি লিমিটেড এবং সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড।
জানা যায়, কোম্পানিগুলোকে মূল বাজার থেকে তালিকাচ্যুত করে ওটিসিতে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে। এই অনুমোদনের জন্য বিএসইসির কাছে চিঠি পাঠাবে ডিএসই।
ডিএসই জানায়, বিএসইসি’র অনুমোদন পেলে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে যথা নিয়মে এইসব কোম্পানির লেনদেন চলবে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ জুলাই রহিমা ফুড ও মডার্ণ ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিংকে সব মার্কেট থেকেই তালিকাচ্যুত করা হয়েছে। সেগুলোকে ওটিসি মার্কেটে প্রেরণ করা হয়নি।


