English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৩২

জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু কাল

অনলাইন ডেস্ক
জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু কাল

লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। আগামীকাল ৬ ফেব্রুয়ারি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করবে কোম্পানিটি।

ডিএসই সূত্রে জানা গেছে, এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করতে যাওয়া জেনেক্স ইনফোসিসের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি ট্রেডিং কোড হবে “GENEXIL”। আর কোম্পানি কোড হবে ২২৬৫০।

এর আগে জেনেক্স ইনফোসিস লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত ২০ জানুয়ারি বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়ে। আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫৬ তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। যার আইপিওতে আবেদন গ্রহণ করা হয় ১৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এবং লটারি ড্র অনুষ্ঠিত হয় ২০ ডিসেম্বর।

জানা যায়, জেনেক্স ইনফোসিস পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এ টাকা কল সেন্টারের ব্যবসা সম্প্রসারণ, আংশিক ঋণ পরিশোধ এবং আইপিও খরচে ব্যয় করার কথা রয়েছে। এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৮৯ টাকা। পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩.৯৬ টাকা।

উল্লেখ্য, জেনেক্স ইফোসিস লিমিটের এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে। আর এ কোম্পানিতে জেনেক্স ইনফোসিসের ৯৯.৯৯ শতাংশ শেয়ার হোল্ডিং রয়েছে। সাবসিডিয়ারি এ কোম্পানির হিসাব নিরীক্ষা সহ জেনেক্স ইনফোসিসের সমন্বিত ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.০২ টাকা এবং পুনঃমূল্যায়ন ছাড়া শেয়া্র প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩.৯৭ টাকা।