English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:১১

ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম সম্পন্ন, অন্তর্ভুক্ত রকিবুর

অনলাইন ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জের এজিএম সম্পন্ন, অন্তর্ভুক্ত রকিবুর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ৫৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জ ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে৷ এই এজিএমে ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ডিএসইর পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষক প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন।

সভায় ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছর পরিচালনা পর্ষদের ঘোষিত ৫ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেনে এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়েছে।

২৪ জানুয়ারি ২০১৯ তারিখে ডিএসইর পরিচালনা পর্ষদ নির্বাচনে মো. রকিবুর রহমান পুনঃনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন মো. রকিবুর রহমানকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করে। ৫৭তম এজিএম আনুষ্ঠানিকভাবে মো. রকিবুর রহমান পুনরায় ডিএসইর পরিচালক হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত হন।

সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। ডিএসই টাওয়ার প্রজেক্ট, নতুন প্রোডাক্টসহ শেয়ারহোরল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। 

সভার শুরুতে ডিএসইর শেয়ারহোল্ডার নাসির-উর-রহমান সিনহা, সাবেক ডিএসই সদস্য মো. শাহিদুল্লাহ ও শেয়ারহোল্ডার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ডিএসই নবম ইজিএমে অ্যাসোসিয়েশন অব ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন অনুচ্ছেদসমূহের পরিবর্তন, পরিমার্জন ও সংযোজন করা হয়৷ আর ৫৭তম এজিএমে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নব-নির্বাচিত সরকারকে অভিনন্দন জানান।

অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, “২০১৭-১৮ অর্থবছরে ডিএসইতে একটা গুনগত পরিবর্তন ঘটে। অনেক চ্যালেঞ্জের সম্মুখিন হওয়া সত্ত্বেও সফলভাবে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। ডিএসইর পরিচালনা পর্ষদ ও

ম্যানেজমেন্ট গত এক বছর কৌশলগত বিনিয়োগকারী আনার ব্যাপারে অত্যন্ত ব্যস্ত সময় পার করে। নিরলস পরিশ্রম ও দীর্ঘ কর্মযজ্ঞের পর অবশেষে বিশ্বের খ্যাতিমান এক্সচেঞ্জ শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক

এক্সচেঞ্জ ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এটি ডিএসইর জন্য আন্তর্জাতিকীকরণ, মানসম্পন্নকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনের ক্ষেত্রে একটি বড় অর্জন। যা ডিএসইর পরিচালনা পর্ষদের কঠোর ও মহত প্রচেষ্টা এবং ডিএসইর শেয়ারহোল্ডারদের আন্তরিক সমর্থনের ফলাফল। ডিএসইর পরিচালনা পর্ষদ কৌশলগত বিনিয়োগকারীদের ব্যাপারে নির্দেশনা এবং অনুমোদনের জন্য বিএসইসির কাছে কৃতজ্ঞ।”

একই সঙ্গে শেনঝেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হবার ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। 

ডিএসই ও পুঁজিবাজার উন্নয়নে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি সফলতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কিছু সম্পন্ন হয়েছে যেমন- কৌশলগত বিনিয়োগকারীর অন্তর্ভুক্তি, ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট কোম্পানি গঠন এবং স্মল ক্যাপিটাল প্লাটফর্ম বাস্তবায়ন ইত্যাদি। এটিবি (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড)-২০১৮ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কৌশলগত বিনিয়োগকারীদের অন্তর্ভুক্তিতে প্রযুক্তিগত ও ব্যবসায়িক প্রস্তাব বাস্তবায়নের ডিএসইর ব্যবস্থাপনা এবং কৌশলগত বিনিয়োগকারীদের প্রতিনিধিরা যৌথভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, “আমাদের একটিই লক্ষ ডিএসইকে এ অঞ্চলের মধ্যে নেতৃস্থানীয় স্টক এক্সচেঞ্জে পরিণত করা।”

সবার অব্যাহত সমর্থন, গঠনমূলক পরামর্শ নিয়েই সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার আশাবাদ ব্যক্ত করেন

সভায় বক্তব্য রাখেন বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল, আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, এ্যাংকর সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম নাজিম উদ্দিন, গ্রীনল্যান্ড ইকুইটিজের ব্যবস্থাপনা পরিচালক এম রাজিব আহসান, প্রুডেনসিয়াল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক, মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিন, প্রাইলিংক সিকিউরিটিজের চেয়ারম্যান ডা. মো. জহিরুল ইসলাম, মোনা ফাইন্যান্সয়াল সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু এমপি, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক, কাইয়ুম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, বালি সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এমপি, ডিএসইর পরিচালক ও মিডওয়ে সিকিউরিটিজের চেয়ারম্যান মো. রকিবুর রহমান।