সোমবার বসুন্ধরা পেপারের লেনদেন শুরু
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করা বসুন্ধরা পেপার মিলসের শেয়ার লেনদেন সোমবার (২ জুলাই) শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৩০ মে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়। ওই দিন বেলা ১১টায়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), জোয়ার শাহারা, খিলক্ষেত, ঢাকাতে লটারির ড্র অনুষ্ঠিত হয়। কোম্পানিটির আইপিওতে ৩০ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন করেন। এক্ষেত্রে কোম্পানির ৭৫ কোটি টাকার চাহিদার বিপরীতে বিনিয়োগকারীরা ৬৮৩ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার আবেদন করেছে। এতে চাহিদার ৮.১১ গুণ বেশি আবেদন জমা পড়ে।
এর আগে বিডিংয়ে বসুন্ধরা পেপার মিলসের কাট অফ প্রাইস হিসাবে ৮০ টাকা নির্ধারিত হয়। এই দরে কোম্পানি ১২৫ কোটি টাকা সংগ্রহ করে। আর আইপিওতে ১০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৭২ টাকা দরে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে।
যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ নির্বাহে কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্টস।
গত ৩০ জানুয়ারি বিএসইসির ৬২৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদনে দেয়া হয়।


