রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দরে ভরাডুবি
রিজেন্ট টেক্সটাইল কোম্পানি ২৫ টাকা করে শেয়ার ইস্যু করলেও আজ তার দর এসেছে তলানিতে। মাত্র ৭ মাস ২০ দিনের ব্যবধানে দর কমেছে ইস্যু মূল্যের অর্ধেকের নিচে। ৩ আগষ্ট লেনদেন শেষে অবস্থান করছে ১২.৩০ টাকায়। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২.৭০ টাকা।
বিশ্লেষনে দেখা যায়, লেনদেনের প্রথমদিন ২০১৫ সালের ১৪ ডিসেম্বর রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর হয় ২৫.৫ টাকা। এরপরে লেনদেনের দ্বিতীয় দিনেই ইস্যু মূল্যের নিচে ২৩.১ টাকায় নেমে আসে। তৃতীয়দিন নেমে আসে ১৯.৩ টাকায়। এরপরে কিছুটা উত্থান পতন হয়। তবে সেটা থাকে ইস্যু মূল্যের নিচেই।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়ার আগে কোম্পানির সরবরাহকৃত তথ্য যথাযথভাবে যাছাই বাছাই করার অভাবে কোম্পানিগুলোর শেয়ার দরে এ চিত্র দেখা যাচ্ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
রিজেন্ট টেক্সটাইল শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহের আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে ইপিএস দেখায় ২.৯২ টাকা। যা ২০১৪ সালে কমে হয় ২.৪৮ টাকা। আর ২০১৫ সালে আরো কমে হয়েছে ১.২১ টাকা।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্যে ৫ কোটি শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বিএসইসি। মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে বলে শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে রিজেন্ট টেক্সটাইল। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে লংকাবাংলা ইনভেস্টমেন্ট।


