English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১৬:৩৯

৬১ কোটি টাকা জমা দিয়েছে বিএসইসি

অনলাইন ডেস্ক
৬১ কোটি টাকা জমা দিয়েছে বিএসইসি

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে বিও হিসাব রক্ষনাবেক্ষণ ফি বাবদ ২০১৫-১৬ অর্থবছরের ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শেয়ার লেনদেনে সকল তথ্য নিষ্পত্তি ও সংরক্ষণের ভাণ্ডার হলো- সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

অর্থ মন্ত্রণালয়ে বুধবার (৩ আগস্ট) জমা দেওয়া চেকের তিনটির অনুলিপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

এ সময় বিএসইসি’র কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, মো. আবদুস সালাম সিকদার, ড. স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন।

বিও ফি বাবদ ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪’শত টাকা তিনটি চেকের মধ্যে জমা দেওয়া হয়। এর মধ্যে ১৯ কোটি ২৭ লাখ ৯৩ হাজার দুইশত টাকার, ২২ কোটি ৮১ লাখ ৩১ হাজার টাকার এবং ১৯ কোটি ২৫ লাখ ৭৮ হাজার দুইশত টাকার তিনটি চালানের মাধ্যমে এ অর্থ জমা করা হয়।