অতিরিক্ত বিনিয়োগে সুবিধা পাচ্ছে ৫ ব্যাংক
শেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের বিশেষ সুবিধা হিসেবে ৫ ব্যাংকের সাবসিডিয়ারিকে মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যাংকগুলো প্রায় ২৭২ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পাচ্ছে।
বুধবার (২০ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের পরিপ্রেক্ষিতে মূলধন বাড়ানোর সুযোগ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো―ন্যাশনাল ব্যাংকের সাবসিডিয়ারি এনবিএল সিকিউরিটিজ, এবি ব্যাংকের সাবসিডিয়ারি এবি ইনভেস্টমেন্ট, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, সাউথইস্ট ব্যাংকের সাবসিডিয়ারি সাউথইস্ট ব্যাংক কেপিটাল সার্ভিসেস ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবসিডিয়ারি এমটিবি সিকিউরিটিজ।
সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এনবিএল সিকিউরিটিজকে ৩০০ কোটি টাকা মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া এবি ইনভেস্টমেন্টকে ৩০১ কোটি ১৪ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজকে ৬০ কোটি, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকে ৩০০ কোটি ও এমটিবি সিকিউরিটিজকে ১২৫ কোটি টাকার মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি শেয়ার ১০ টাকা মূল্যে ও বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে ইস্যু করবে। ৫ প্রতিষ্ঠানকে প্রায় ১ হাজার ৮৬ কোটি টাকার মূলধন বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। যাতে পাঁচ ব্যাংক প্রায় ২৭২ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পাচ্ছে।


