ডিএসইর এমডি মাজেদুর যোগদান
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমান যোগদান করেছেন। মঙ্গলবার (১২ জুলাই) তিনি কাজে যোগদান করেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৭৯তম কমিশন সভায় মাজেদুর রহমানকে ডিএসইরে এমডি হিসেবে অনুমোদন দেওয়া হয়।
১৯৮১ সালে গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মাজেদুর রহমান। প্রায় দীর্ঘ ৩৫ বছরের কর্মময় জীবনে তার রয়েছে দেশ ও বিদেশে ব্যাংকিং অভিজ্ঞতা। তিনি লন্ডনে গ্রিন্ডলেজ ব্যাংকের গ্রুপ অডিটে ১৯৮৫ সালে নিয়োগপ্রাপ্ত হন। গ্রিন্ডলেজ ব্যাংকের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ, আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ভারতের দায়িত্ব পালন করেন তিনি।
মাজেদুর রহমান দুবাইয়ের মাশরেক ব্যাংকেও দায়িত্ব পালন করেন। এসএমই ব্যবসায় অর্থায়ন, ই-ব্যাংকিং, অল্টারনেট ডেলিভারি চ্যানেল ও ব্যাংকিং কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ অবদান রয়েছে তারা। ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাংলাদেশে সিকিউরিটিরাইজেশন অব অ্যাসেট এবং জিরো কুপন বন্ড চালু করেন তিনি।
তিনি ব্যাংক আল-ফালাহর প্রথম কান্ট্রি হেড হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।


