English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৭:৪৬

নিয়মবহির্ভূত লেনদেনে শেফাকের বিরুদ্ধে আদালতের রুল

অনলাইন ডেস্ক
নিয়মবহির্ভূত লেনদেনে শেফাকের বিরুদ্ধে আদালতের রুল

নিয়মবহির্ভূত ভাবে শেয়ার লেনদেনের কারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) চেয়ারম্যান শেফাক আহমেদের বিরুদ্ধে আদালত রুল জারি করেছেন।

রিটের শুনানি শেষে সোমবার (৬ জুন) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রিটকারির আইনজীবী এম জি ভূইয়া এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শেফাক আহমেদ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (সুবিধাভোগী) বিধিমালা ১৯৯৫ এর ২(ঙ) এর (অ) অনুযায়ী একজন সুবিধাভোগী। বিধিমালার এ ধারা অনুসারে তিনি শেয়ার লেনদেন করতে পারেন না। কিন্তু তিনি বিধি লঙ্ঘন করে শেয়ার লেনদেন করেছেন বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়। প্রচারিত সেই সংবাদের ভিত্তিতে আনোয়ারুল করিম নামের একজন সাংবাদিক বৃহস্পতিবার (২ জুন) আদালতে রিট করেন।

সোমবার রিটের প্রাথমিক শুনানি শেষে শেফাক আহমেদের বিরুদ্ধে রুল জারি করেন বিচারকেরা। একই সঙ্গে শেফাক আহমেদের বিরুদ্ধে তদন্তপূর্বক কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

আগামি দুই সপ্তাহের মধ্যে অর্থসচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আইডিআরএ ও আইডিআরএ-এর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।