যমুনা ব্যাংকের এসএমই ঋণের প্রবৃদ্ধি ২৩ শতাংশ
যমুনা ব্যাংকের অাগের সমাপ্তবছর তুলনায় সবশেষ সমাপ্তবছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণের প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ হয়েছে বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান গাজী গোলাম মূর্তজা।
সোমবার (৩০ মে) রাজধানীর ইস্কাটনে পুলিশ কনভেনশন হলে কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানান তিনি।
সভায় বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ২০১৫ সালের জন্য ১৯.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এসময়ে কোম্পানির সবশেষ আর্থিক পতিবেদন, পরিচালক, নিরিক্ষক, পারিশ্রমিকসহ অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীরা অনুমোদন করেন। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানির করপরবর্তী মুনাফা ১৬৪ কোটি টাকা। ইপিএস হয়েছে ২.৬৭ টাকা।
চেয়ারম্যান বলেন, দেশের আর্থিক খাতে বিনিয়োগ মন্দার মধ্যেও এসএমই খাতে আমাদের ঋণ প্রবৃদ্ধি ভাল অবস্থানে ছিল। এই প্রবৃদ্ধি আমাদের বিনিয়োগকারীদের জন্য গর্বের বিষয়।
গাজী গোলাম মূর্তজা আরও বলেন, আলোচ্য বছরে (২০১৫) এসএমই খাতে যমুনা ব্যাংক ১ হাজার ২৫৪ কোটি টাকা ঋণ দিয়েছে। ২০১৪ সালে এই খাতে যমুনা ব্যাংক ঋণ দিয়েছিল ১ হাজার ১৮ কোটি টাকা। অর্থাৎ এসএমই খাতে ঋণ শেষ বছরে বেশি দিয়েছে ২৩৬ কোটি টাকা। আশা করা যায়, আগামী বছরে এর পরিমাণ আরও বাড়বে।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুর্শারাফ হুসাইন প্রমুখ।


