আইন লঙ্ঘন দায়ে ওটিসির ৯ কোম্পানিকে জরিমানা
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে ওভার দ্য কাউন্টারের (ওটিসি) ৯ কোম্পানিকে জরিমানা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মেঘনা স্রিম্প কালচার, টিউলিপ ডেইরি অ্যান্ড ফুডস প্রোডাক্ট, চিক টেক্সটাইল, বাংলাদেশ ইলেকট্রিক মিটার, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট, রোজ হ্যাভেন বলপেন, রাসপিট ইঙ্ক বাংলাদেশ, মিতা টেক্সটাইল এবং মেটালেক্স কর্পোরেশন। বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৭৪তম সভায় এ জরিমানা করা হয়।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্রে, কোম্পানিগুলো নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায় এ জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেঘনা স্রিম্প কালচার লিমিটেড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ধারা ১২ লঙ্ঘন করেছে। বাকি ৮টি কোম্পানি ১২ নং রুলসসহ একই ধারার ১৩ নম্বর রুলস ভঙ্গ করেছে। একইসঙ্গে এই ৮ কোম্পানি ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর কমিশনের নটিফিকেশন এসইসি/ সিএমআরআরসিডি/ ২০০৮-১৮৩/ অ্যাডমিন/ ০৩-৩১ লঙ্ঘন করেছে।
এর ফলে এই ৯ কোম্পানির (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা দিতে হবে।


