English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৮:৩৩

শেয়ারবাজার লোকসানে ফের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
শেয়ারবাজার লোকসানে ফের আত্মহত্যা

শেয়ারবাজারে লোকসানের কারণে মহিউদ্দিন শাহারিয়ার (৩৫) নামে এক বিনিয়োগকারীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ মে) রাতে রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকার শান্তিপাড়ায় নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বুধবার (২৫ মে) সকালে সবুজবাগ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের দুলাভাই আরিফুল ইসলাম বলেন, পরিবারের সবার ছোট মাহউদ্দিন। উচ্চমাধ্যমিক পাস করার পরে সে বেকার সময় কাটায়। পরে বাবার জমি বেচে শেয়ার ব্যবসা শুরু করে। ২০১০ সালের শেয়ারবাজার ধসে মহিউদ্দিন প্রায় ১২ লাখ টাকা লোকসানে পড়ে। এতে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। দীর্ঘসময়েও শেয়ারবাজার ঘুরে না দাঁড়ানোয় লোকসান পরিমান আরও বেড়ে যায়। এতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ কারণে মহিউদ্দিন আত্মহত্যা করেছে বলে জানান তিনি।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোলাইমান গাজী বলেন, শেয়ার ব্যবসায় প্রায় ১২ লাখ টাকা লোকসানের ফলে মহিউদ্দিন শাহারিয়ার মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। এতে তার মানসিক সমস্যা দেখা দেয়। গত ১৪ মে তাকে মানসিক ডাক্তারের মাধ্যমে চিকিৎসাও দেওয়া হয়। প্রাথমিক ধারণা মতে, মহিউদ্দিন এ অবস্থা থেকে আত্মহত্যা করেছেন।

মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।