সিএসইর নতুন এমডি সাইফুর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনীত হয়েছেন এম সাইফুর রহমান মজুমদার। বিএসইসির ৫৭৩তম কমিশন সভায় বৃহস্পতিবার (১৯ মে) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাইফুর রহমান মজুমদার মিনহার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এর আগে গত বছরের ৩০ নভেম্বর ওয়ালি-উল-মারুফ মতিন সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। ওই পদেই তিনি স্থলাভিষিক্ত হলেন।
১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন এম সাইফুর রহমান। ১৯৯৫ সালে তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে সিএমএ করেন। এরপর ১৯৯৮ সালে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে সিএ শেষ করেন। এসময় তিনি রহমান রহমান হকে কর্মজীবন শুরু করেন।
পেশাগত দক্ষতার সঙ্গে ২০ বছর ধরে তিনি মিনহার গ্রুপের বিভিন্ন পদে কাজ করেছেন। সর্বশেষ গ্রুপটির নির্বাহী পরিচালক ও মিনহার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।


