English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৭:১৬

ডিএসইতে নতুন এমডি নিয়োগে বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
ডিএসইতে নতুন এমডি নিয়োগে বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন কাউকে বেছে নিতে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডকে। নতুন এমডি নিয়োগে স্টক এক্সচেঞ্জের নিজস্ব ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই‘র বর্তমান এমডি অধ্যাপক স্বপন কুমার বালা ২০১৩ সালের ১৫ এপ্রিল ৩ বছরের জন্য সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে ডিএসইতে দায়িত্ব গ্রহণ করেন। চলতি মাসের ১৩ তারিখ তার মেয়াদ শেষ হচ্ছে। এর আগে ডিএসইর পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী ২০১৩ সালের ৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বপন কুমার বালার সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) পদে নিযুক্তিতে অনুমোদন দেয়। অবশ্য মিউচুয়ালাইজড থেকে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ রূপান্তরিত হওয়ার পর সিইও’র পদটি এমডি পদে রূপান্তরিত হলে তিনিও ডিএসইর এমডি হন।

বর্তমান এমডি অধ্যাপক ড. স্বপন কুমার বালা পুনর্নিয়োগে অনীহা প্রকাশ করায় এ পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

নতুন এমডির বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (গণ সংযোগ) শফিকুর রহমান দ্যাঢাকাপোষ্ঠডটকমকে বলেন, চলতি বছরের ১৩ এপ্রিল বর্তমান এমডির মেয়াদের শেষ দিন। পাশাপাশি বলেন, বর্তমান এমডি পুনর্নিয়োগে অনীহা প্রকাশ করেছেন। তাই নতুন এমডির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, ডিএসই’র এমডি পদে নিয়োগ লাভের জন্য শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারী দক্ষতার ২টি শর্তের যে কোনো একটি থাকতে হবে।

প্রথম শর্ত হিসেবে বলা হয়েছে, ব্যবসায় ব্যবস্থাপনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসহ অর্থনীতি, ব্যবসায়, পরিসংখ্যান, গণিত অথবা আইন বিষয়ে স্নাতক থাকতে হবে।

২য় শর্তে বলা হয়েছে- ন্যূনতম ১০ বছরের পেশাদারিত্বের অভিজ্ঞতাসহ সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি পেশাদারি পদবি থাকতে হবে।

তবে পুঁজিবাজার বা সম্পর্কিত ক্ষেত্রে আন্তর্জাতিক মানের দক্ষতাসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে নিয়োগ লাভে প্রথম দুটি শর্ত ডিএসইর পরিচালনা পর্ষদের সম্মতিতে শিথিল করা যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ এপ্রিলের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবির সাথে জীবনবৃত্তান্তসহ ডিএসইর চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়েছে।