কর্মক্ষেত্রে নারীদের যোগ্যতার প্রমাণ দিতে হবে
কর্মক্ষেত্রে নারীদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। আর যোগ্যতা দেখাতে হলে নারীর শিক্ষার প্রয়োজন। কারণ শিক্ষা ছাড়া কিছুই সম্ভব নয়।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নারী দিবস উপলক্ষে ‘রিং দ্য বেল ফর জেন্ডার ইক্যুইটি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
ডিএসই ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালার সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামীম এস. রহমান।
শাহামীম এস. রহমান বলেন, নারীর ক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। রিং দ্য বেল কর্মসূচিটি ২৮টি দেশের ৩৬টি স্টক এক্সচেঞ্জে পালিত হচ্ছে। আমাদের দেশের কোম্পানিগুলোতে যে সব নারী বোর্ড সদস্য হিসেবে রয়েছেন, তাদের অধিকাংশই পারিবারিক ব্যবসা থেকে এসেছে।
কর্পোরেট সিস্টেমে উঠে আসা নারীদের সংখ্যা অনেক কম। তাই এখানে নারীর অংশ গ্রহণ জরুরি। প্রতিটি কোম্পানিতে ন্যূনতম ১ জন বোর্ড পরিচালক থাকা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করেন তিনি।
ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের পরিচালক খুজিস্তা নূরে নাহরীন বলেন, একজন নারীকে অবশ্যই চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে। যে এটা নিতে পারবে সে এগিয়ে যাবে। প্রতিদিন নারীর কর্মদক্ষতা বৃদ্ধির কারণে দেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, ডিএসই পরিচালক মনোয়ারা হাকিম আলী, ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু, আইএফসির আঞ্চলিক প্রতিনিধি ওয়েন্ডি ওয়ার্নার প্রমুখ উপস্থিত ছিলেন।


