বিএসআরএমের শেয়ার দর বাড়ার কারন জানতে বিএসইসি’র তদন্ত
প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা ও সহকারী পরিচালক সুলতান সালাহ উদ্দিন। কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২১ ধারা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ১৯৯৫ অনুযায়ী তারা এ তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ বুধবার দুপুরে জারি করা হয়।
জানা গেছে, তদন্ত কমিটি গঠনের বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) অবহিত করেছে বিএসইসি।
কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে সাইফুর রহমান বলেন, বেশ কয়েক দিন ধরে বিএসইসি পর্যবেক্ষণ করছে বিএসআরএম লিমেটেডের শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ছে। তাই বাড়ার প্রকৃত কারন জানতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি থেকে বিএসআরএমের শেয়ারের দর প্রায় টানা বেড়েই চলেছে। ৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ছিল ১১৩.৮০ টাকা। আর ৩ মার্চ বৃহস্পতিবার দিনশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ২০৪ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯০.২০ টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে ২৯ ফেব্রুয়ারি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটি দর অস্বাভাবিক হারে বাড়ছে। এরই প্রেক্ষিতে দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে বিএসইসি।


