ডিএসইতে লেনদেন সাত’শ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হয়েছে প্রায় সাত’শ কোটি টাকা। আর অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেদেন হয়েছে ৫০ কোটি টাকা। উভয় বাজারের লেনদেন স্বাভাবিক অবস্থানে রয়েছে বলে মনে করেন শেয়ারবাজার বোদ্ধারা।
বাজার বিশ্লেষনে, গত বুধবারের তুলনায় ৫১ কোটি ২৯ লাখ টাকা কমে আজ বৃহস্পতিবার দিনশেষে লেনদেন হয়েছে ৬৯২ কোটি ৫৮ লাখ টাকা। তবে ডিএসইতে কমলেও দেশের অপর শেয়ারবাজার সিএসই লেনদেন বেড়েছে। যা গত দেড় মাসের মধ্যে সিএসইর সর্বোচ্চ লেনদেন। আজ সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৩৩ লাখ টাকা।
এদিকে সূচকের মিশ্রাবস্তায় শেষ হয়েছে সপ্তাহের শেষ দিনের লেনদেন। ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স এবং ডিএস-৩০ সূচেকের সামান্য উন্নতি হলেও পতন হয়েছে ডিএসই শরিয়াহ সূচকের। ৮.৮৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ডিএসইক্স গিয়ে দাঁড়িয়েছে ৪৬৯৪.৯৫ পয়েন্টে। ০.৯০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক ১৭৬১.১০ পয়েন্টে উন্নীত হয়েছে। অপরদিকে শরিয়াহ সূচক ৩.৭৬ পয়েন্ট কমে ১১১৮.৯৪ পয়েন্টে নেমে গেছে।
বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দর। এদিকে আজ থেকেই লেনদেন শুরু হয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট মিউচুয়াল ফান্ডের। ১০ টাকা অভিহিত মূল্যের এ ফান্ডের দর দিনশেষে ১৪.৯০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। দিনশেষে কোম্পানিটির ২১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- গোল্ডেন সন, বিডি থাই, সিটি ব্যাংক, আইটি কনসালটেন্টস, বেক্সিমকো ফার্মা, এমারল্ড অয়েল, তাল্লু স্পিনিং, ফার কেমিক্যাল ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৪.২২ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৭৩৯.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫০ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।


