English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১৬:২৭

পুঁজিবাজার ঝাকুনি থেকে সাবধান থাকতে হবে: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজার ঝাকুনি থেকে সাবধান থাকতে হবে: অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান বলেছেন, পুঁজিবাজার ঝাকুনি থেকে বিনিয়োগকারীদের সাবধান থাকতে হবে।  বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যলয়ে পুঁজিবাজার বিষয়ে মহিলা বিনিয়োগকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেছেন, পুঁজিবাজারের দুর্ঘটনা এড়াতে বিএসইসি’র  সঙ্গে অভিজ্ঞ ব্যক্তিদের সংযোগ স্থাপন করা হচ্ছে। যাতে করে এর পরিচালনা কার্যক্রম আরও সঠিক করা যায়। এবং আগামীতে এই বাজার আরও কার্যকরিভাবে এগিয়ে যায়।

পুঁজিবাজারে পুঁজির চেয়ে জ্ঞানের প্রয়োজনীয়তা বেশি উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান ড. খায়রুল হোসেন বলেছেন, বিনিয়োগকারীদের মাঝে বাজার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে বাজার স্থিতিশীল হবে না। তাই বিনিয়োগকারীদের মাঝে বাজার সম্পর্কে সঠিক জ্ঞান সৃষ্টির লক্ষ্যে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী জুনে চালু হচ্ছে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগাম।

চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। প্রতি মহুর্তে উদ্যোক্তাদের জ্ঞান অর্জনের মধ্যে থাকতে হয়। তবে জেনে বুঝে বিনিয়োগ করলে ঝুঁকি কমে যায় বলে মনে করেন তিনি। পাশাপাশি মহিলা উদ্যোক্তাদের পুঁজিবাজারে এগিয়ে আসতে আহ্বান জানান চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ও পরিচালকরা উপস্থিত ছিলেন।